কলকাতা, নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছতে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবাদূত’ অভিযান। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। অন্য বিধানসভা কেন্দ্রে জনসংযোগে নামতে হবে বিজেপির নেতা, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে। সাধারণ মানুষের সঙ্গে সমস্যা, সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অভিজ্ঞতা এবং বঞ্চনার অভিযোগ জানার দায়িত্ব দেওয়া হবে। শুধু দিনের কর্মসূচি নয়, সংশ্লিষ্ট এলাকায় রাতও কাটাতে হবে দায়িত্বপ্রাপ্তদের।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের ৪ হাজারেরও বেশি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। শনিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা বিভাগের চারটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৮টি বিধানসভার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শহরের চারটি সাংগঠনিক জেলা—উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম এবং যাদবপুরের নেতারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে দলীয় কার্যকর্তাকে ‘সেবাদূত’ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ২৫ দিন ধরে তাঁকে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় থেকেই কাজ করতে হবে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের গত ছয় মাসের বিভিন্ন প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন, কারা এখনও বঞ্চিত রয়েছেন, সেই তথ্য সংগ্রহ করবেন তাঁরা। বুথস্তরে বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগও শোনা হবে।
পাশাপাশি পুরনো দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, জনপ্রতিনিধিরা হোটেলে না থেকে পুরনো কর্মীদের বাড়িতে রাত কাটাবেন। প্রত্যেক বিধানসভায় বিধায়কের অফিসে ক্যাম্প হচ্ছে। সেখান থেকে ফিড ব্যাক নিয়ে সরকারকে জানানো হবে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘কোনও যোগ্য ব্যক্তি সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা থেকে বাদ পড়লে সেটাও যেমন সেবাদূতরা চিহ্নিত করবেন, তেমনই কোনও অযোগ্য ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধে পেলে সেটাও সামনে আসা দরকার। তাঁকেও একটি নির্দিষ্ট এলাকার দায়িত্ব নিতে বলা হয়েছিল এবং তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবেই সেই দায়িত্ব গ্রহণ করবেন।' কিন্তু ‘সেবাদূত’ অভিযানে কোথায় কোন জেলায় কোন মন্ত্রী, বিধায়ক, সাংসদ কিংবা কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হবে, সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। কোথায় কতদিন থাকতে হবে, কীভাবে কর্মসূচির কাজ হবে, সেই বিষয়গুলিও এখনও স্থির হয়নি।




