ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশজোড়া ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ২৩টি জেলায় অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুড়েছে বাস, ট্রেন ও পুলিশের গাড়ি। আক্রান্ত হয়েছে থানা, রাজনৈতিক নেতাদের বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। অন্য দিকে, আওয়ামী লীগের কর্মসূচি রুখতে পথে নেমেছে শাসকদল বিএনপি এবং বিরোধী জামায়াতে ইসলামী ও এনসিপি।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ২৩টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দু’টি ট্রেন ও রেললাইনে আগুন ধরানো হয়েছে। পুড়েছে ১২টি বাস। গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনি, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজিপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা ও পাবনা-সহ বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর মিলেছে।
সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে আওয়ামী লীগের একদা শক্ত ঘাঁটি গোপালগঞ্জে। বৃহস্পতিবার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ একাধিক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এর আগে টুঙ্গিপাড়া থানাতেও হামলা চালানো হয়েছিল। গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়। ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্য দিকে, গ্রামীণ ব্যাঙ্ক জানিয়েছে, ১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেশের ৪০টি জেলায় তাদের ৭২টি শাখা বা অফিসে হামলা কিংবা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বহু জায়গায় আসবাব, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে।
এই অশান্তির মধ্যে নড়াইলে বিএনপির মিছিল ঘিরে সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক চালকেরও মৃত্যু হয়েছে। ১৪ থেকে ১৯ নভেম্বরের মধ্যে বিভিন্ন ঘটনায় অন্তত চার জনের মৃত্যুর কথা জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।
পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে নাম না করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেন তিনি। বলেন, ‘যথেষ্ট হয়েছে। সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের আমরা স্পষ্ট বার্তা দিতে চাই।’ তাঁর অভিযোগ, দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী বাংলাদেশে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে।
তবে আওয়ামী লীগের মোকাবিলায় প্রশাসনকে অতিরিক্ত কঠোর পদক্ষেপ করতে সতর্ক বিএনপি সরকার। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সরকারের একাংশের আশঙ্কা, অতিরিক্ত বলপ্রয়োগ হলে রাজনৈতিক ভাবে সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তাই এক দিকে নিরাপত্তা জোরদার, অন্য দিকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মোকাবিলার কৌশল নিয়েছে বিএনপি। ঢাকায় বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামী ও এনসিপিও আওয়ামী লীগের কর্মসূচির বিরোধিতায় পথে নামার ডাক দিয়েছে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই উত্তেজনা বাড়ছে। তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকলেও, সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ফের রাজনীতির মূলস্রোতে ফেরার চেষ্টা করছে দলটি। পরিস্থিতির দিকে নজর রেখে সাতটি জেলায় সীমান্তরক্ষী বাহিনীর ৯৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সূত্র: NST Online




