নয়াদিল্লি: ২০৩০ সালের মধ্যে বিশ্বের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে হাতিয়ার করতে চায় রাষ্ট্রপুঞ্জ। সেই লক্ষ্যেই গঠিত ১০ সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ গোষ্ঠীতে জায়গা পেলেন বিশিষ্ট ভারতীয় জীববিজ্ঞানী শেখর সি মান্ডে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মনোনীত এই প্যানেলে ১০টি দেশের বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন তিনি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সামলাবেন মান্ডে।
বিশ্বের সামনে এখন একাধিক বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জলের অভাব, দারিদ্র এবং আর্থিক বৈষম্য—সমস্যার তালিকা দীর্ঘ। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই আন্তর্জাতিক উদ্যোগেই বড় দায়িত্ব পেলেন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী শেখর সি মান্ডে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তাঁকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত ১০ সদস্যের বিশেষজ্ঞ গোষ্ঠীতে মনোনীত করেছেন। এই গোষ্ঠী বিশ্বের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি ও কর্মপরিকল্পনা তৈরিতে রাষ্ট্রপুঞ্জকে পরামর্শ দেবে।
১০ সদস্যের আন্তর্জাতিক প্যানেলে ভারতের প্রতিনিধিত্ব
রাষ্ট্রপুঞ্জের এই বিশেষজ্ঞ গোষ্ঠীর পুরো নাম ‘ইউনাইটেড নেশনস গ্রুপ অফ টেন হাই-লেভেল রিপ্রেজ়েন্টেটিভস অফ সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর অ্যান্ড সায়েন্টিফিক কমিউনিটি টু প্রোমোট সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর দ্য এসডিজি’। সংক্ষেপে এটি ‘১০ মেম্বার গ্রুপ’ নামে পরিচিত।
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নতুন করে ১০ জন বিশেষজ্ঞকে মনোনীত করা হয়েছে। ভারত ছাড়াও ঘানা, ইতালি, সুইডেন, ব্রাজিল, রাশিয়া, জাপান, চিন, মালদ্বীপ এবং কানাডার প্রতিনিধিরা রয়েছেন এই দলে। ঘানার মারিয়ান ডরকাস কুয়েন এবং ইতালির জর্জিও রসি এই গোষ্ঠীর সহ-সভাপতির দায়িত্ব সামলাবেন।
এই প্যানেলের মূল কাজ বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের ২০৩০ সালের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথ খুঁজে বের করা। নতুন প্রযুক্তির সম্ভাবনা, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণার প্রসার এবং বিজ্ঞানভিত্তিক নীতি তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জকে পরামর্শ দেবে এই গোষ্ঠী।
প্রাচীন জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে জোর
নতুন দায়িত্ব পেয়ে ভারতের প্রাচীন জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন শেখর মান্ডে। তাঁর বক্তব্য, বহু প্রাচীন সভ্যতায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন ছিল সংস্কৃতি ও দৈনন্দিন অভ্যাসের অঙ্গ। টেকসই জীবনযাপন তখন কোনও নীতিগত লক্ষ্য ছিল না, বরং জীবনধারার মধ্যেই তা মিশে ছিল।
সেই ঐতিহ্যগত জ্ঞান ও পদ্ধতির পিছনে থাকা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনকে নতুন করে পর্যালোচনা করে আধুনিক জ্ঞানের সঙ্গে যুক্ত করা যেতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে আরও স্থিতিশীল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-ষষ্ঠাংশের প্রতিনিধিত্ব করে ভারত। তাই এই আন্তর্জাতিক মঞ্চে ভারতের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে।
২০৩০-এর লক্ষ্যমাত্রা পূরণে কেন এত গুরুত্ব?
২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি সম্মিলিত ভাবে ১৭টি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) গ্রহণ করেছিল। লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধা দূর করা, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা, লিঙ্গসাম্য প্রতিষ্ঠা, বিশুদ্ধ জল ও পরিচ্ছন্ন জ্বালানির জোগান বাড়ানো এবং পরিবেশ রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।
কিন্তু নির্ধারিত সময়সীমা এগিয়ে এলেও বহু লক্ষ্যমাত্রা এখনও অধরা। কোভিড অতিমারি, আন্তর্জাতিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে উন্নয়নের গতি ব্যাহত হয়েছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, দারিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সামাজিক বৈষম্য কমানোর ক্ষেত্রে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।
এই পরিস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের গতি বাড়াতে চাইছে রাষ্ট্রপুঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈবপ্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং নতুন গবেষণার সম্ভাবনা নিয়ে সুপারিশ করবে ১০ সদস্যের এই গোষ্ঠী। প্রযুক্তির সুবিধা যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছয়, সেই বিষয়টিও গুরুত্ব পাবে।
বিজ্ঞান প্রশাসনেও দীর্ঘ অভিজ্ঞতা
শেখর সি মান্ডে শুধু গবেষক হিসেবেই নন, ভারতের বিজ্ঞান প্রশাসনের অন্যতম পরিচিত মুখ হিসেবেও প্রতিষ্ঠিত। তিনি বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি বা আইএনএসএ-র সভাপতি। পাশাপাশি পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে যুক্ত এবং ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সের জে সি বোস ফেলো।
স্ট্রাকচারাল ও কম্পিউটেশনাল বায়োলজি তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। বিশেষ করে প্রোটিনের গঠন, মলিকিউলার বায়োফিজিক্স এবং সংক্রামক রোগ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস সংক্রান্ত গবেষণাতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে ডক্টরেট করার পর নেদারল্যান্ডস ও আমেরিকায় গবেষণা করেন। পরে দেশে ফিরে বিজ্ঞান গবেষণা ও প্রশাসনের কাজে যুক্ত হন।
ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর ডিরেক্টর জেনারেল এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সচিব হন। কোভিড অতিমারির সময় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পুষ্টি, ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য গবেষণা এবং বিজ্ঞানে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর মতো বিষয়েও কাজ করেছেন।
ভারতের বিজ্ঞানচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি
ভারতের বিজ্ঞানী হিসেবে শেখর মান্ডের এই মনোনয়ন দেশের গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। সেই লক্ষ্য পূরণে গবেষণা, উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্ন জ্বালানি, কৃষি, জল ব্যবস্থাপনা এবং ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপুঞ্জের এই বিশেষজ্ঞ গোষ্ঠীতে মান্ডের উপস্থিতি আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় ভারতের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ তৈরি করবে। ২০২৭ সালের এসডিজি সম্মেলনের প্রস্তুতির সময় এই প্যানেলের কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্বের উন্নয়নকে আরও পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং বিজ্ঞাননির্ভর করে তোলার লক্ষ্যে এবার আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব সামলাবেন এক ভারতীয় বিজ্ঞানী।




