নিউজ ডেস্ক: সরকার করছাড় দিচ্ছে, আয়করে স্বস্তি মিলছে। কিন্তু তার সুফল কি পৌঁছচ্ছে সাধারণ কর্মীদের কাছে? এবার এই প্রশ্ন তুলেই দেশের কর্পোরেট সংস্থাগুলিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করছাড়ের সুবিধা পাওয়ার পরেও কেন কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে না? কেন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না? শিল্পপতিদের উদ্দেশে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লিতে FICCI-র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরব হন মোদী। তাঁর বক্তব্য, ২০১৪ সালে দেশে কর্পোরেট করের হার ছিল ৩০ শতাংশ। কেন্দ্রীয় সরকার তা কমিয়ে ২২ শতাংশ করেছে। পাশাপাশি নতুন আয়কর ব্যবস্থায় বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড়ের সুবিধাও দেওয়া হয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে।
কিন্তু এত সুবিধা দেওয়ার পরেও সংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? নতুন কর্মী নিয়োগ করেছে? মোদীর প্রশ্ন, সরকারের তরফে একের পর এক পদক্ষেপ করা হলেও শিল্প সংস্থাগুলির তরফে তার প্রতিফলন কোথায়?
শুধু সরকারের উপর দেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্ত দায়িত্ব ছেড়ে দিলে চলবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বৃদ্ধি, কর্মীদের আর্থিক উন্নতি এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকেও দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। এদিন ভারতীয় পণ্যের গুণমান নিয়েও সরব হন মোদী। তাঁর বক্তব্য, শুধু বিদেশের বাজারের জন্য উন্নত মানের পণ্য তৈরি করলেই হবে না। দেশের সাধারণ মানুষও উন্নত মানের পণ্য পাওয়ার অধিকারী। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনের মান বাড়াতে হবে।পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির সুযোগ কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। বিদেশের বাজারে ভারতীয় পণ্যের জায়গা তৈরি করতে শিল্পপতিদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অর্থাৎ, সরকারের করছাড়ের সুবিধা পাওয়ার পর এবার কর্মসংস্থান, বেতন বৃদ্ধি এবং পণ্যের গুণমান উন্নত করার দায়িত্ব শিল্পপতিদের কাঁধেও তুলে দিলেন মোদী।




