ছত্তীসগঢ়: জঙ্গলে প্রায় ৩,০০০ কেজি ওজনের একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে খুঁজে বের করা, তার কাছাকাছি পৌঁছনো এবং নিরাপদে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করা—কাজটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে হাতিটি যদি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অন্য হাতির পালের সঙ্গে মিশে যায়, তা হলে বিপদ আরও বাড়ে। ছত্তীসগঢ়ের বন দফতরকে এমনই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ‘কাবরা কান’। গত ছ’সাত মাসে অন্তত ১৬ জনের মৃত্যুর জন্য এই হাতিকেই দায়ী করা হচ্ছে। অবশেষে প্রায় ২০০ বনকর্মী, পশুচিকিৎসক, প্রশিক্ষিত হাতি, স্বেচ্ছাসেবক এবং ড্রোনের সাহায্যে অভিযান সফল হয়েছে।
ছ’মাসে তিন জেলায় আতঙ্কের নাম ‘কাবরা কান’
ছত্তীসগঢ়ের উত্তরাঞ্চলের সুরজপুর, সুরগুজা এবং বলরামপুর জেলায় গত কয়েক মাস ধরে ত্রাস ছড়িয়েছিল হাতিটি। স্থানীয় ভাবে তার নাম দেওয়া হয়েছে ‘কাবরা কান’। কানের গায়ে বিশেষ ধরনের রং ও ছোপ থাকার কারণেই এই নাম। বয়স প্রায় ২০ বছর। বন দফতরের দাবি, গত ছ’সাত মাসে তার হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক জন আহতও হয়েছেন।
বন দফতরের আধিকারিকদের মতে, হাতিটি ‘মস্ত’ অবস্থায় ছিল। হাতিদের ক্ষেত্রে এই সময় পুরুষ হাতির শরীরে হরমোনের পরিবর্তনের কারণে আগ্রাসী আচরণ দেখা দিতে পারে। ফলে তার গতিবিধি অনুসরণ করা এবং কাছে গিয়ে তাকে নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত ঝুঁকির কাজ।
হাতিটি প্রায় ৭৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কখনও এক রাতে ৩৫-৪০ কিলোমিটার পথ পেরিয়ে যাচ্ছিল। ফলে একটি নির্দিষ্ট জায়গায় তাকে আটকে রাখা সম্ভব হচ্ছিল না।
পালের সঙ্গে মিশে যাওয়ায় বেড়েছিল বিপদ
প্রায় এক মাস আগে হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগের অনুমতি চেয়ে বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়েছিল। ১২ নভেম্বর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমতি মেলে। কিন্তু তত দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হাতিটি অন্য দাঁতালদের একটি পালের সঙ্গে মিশে গিয়েছিল।
বন দফতরের সামনে তখন বড় সমস্যা ছিল, পালের অন্য হাতিদের আঘাত না করে কী ভাবে নির্দিষ্ট হাতিটিকে আলাদা করা যায়। কারণ, একটি হাতিকে লক্ষ্য করে অভিযান চালালে আশপাশের অন্য হাতিরাও আক্রমণ করতে পারে। তাই উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকতে হয় বনকর্মীদের।
অভিযানে নামানো হয় ১০০-র বেশি বনকর্মী ও আধিকারিককে। তাঁদের সঙ্গে ছিলেন তিন জন পশুচিকিৎসক। কর্নাটক থেকে আনা প্রশিক্ষিত ‘কুনকি’ হাতি এবং হাথি মিত্র দলের সদস্যরাও অভিযানে সাহায্য করেন। ড্রোনের সাহায্যে জঙ্গলের ভিতরে হাতিটির অবস্থান ও চলাফেরার উপর নজর রাখা হচ্ছিল।
রামগড় পাহাড়ে কঠিন অভিযান
শেষ পর্যন্ত হাতিটির অবস্থান জানা যায় সুরগুজা জেলার রামগড় পাহাড়ি এলাকায়। সেখানে ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি পথের কারণে অভিযান আরও কঠিন হয়ে ওঠে। পাহাড়ের উপরে কুমকি হাতি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে বনকর্মী, মাহুত এবং ট্র্যাকারদের অনেকটা পথ হেঁটেই এগোতে হয়।
বন দফতরের আধিকারিকদের বক্তব্য, প্রথমে হাতিটিকে পালের থেকে আলাদা করা জরুরি ছিল। প্রশিক্ষিত ট্র্যাকাররা সেই কাজে সফল হন। অন্য হাতির পালকে এগিয়ে যেতে দেওয়া হয়। তার পর চিকিৎসকদের দল নির্দিষ্ট হাতিটির কাছে পৌঁছয়।
বুধবার দুপুরে হাতিটির অবস্থান নিশ্চিত হওয়ার পর ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করা হয়। বিকেল ৪টার মধ্যে তার গলায় রেডিয়ো কলার পরানোর কাজ শেষ হয় বলে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন। এর পর হাতিটিকে আবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
গলায় রেডিয়ো কলার, আপাতত নজরদারি
হাতিটিকে বন্দি করে কোনও উদ্ধারকেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি। বরং গলায় রেডিয়ো কলার পরিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে সে কোথায় যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে এবং কী ভাবে চলাফেরা করছে, তা দূর থেকেই নজরে রাখা সম্ভব হবে।
বন দফতরের বন্যপ্রাণ বিভাগের প্রধান সংরক্ষক এবং গুরু ঘাসিদাস ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের আঞ্চলিক অধিকর্তা প্রণয় মিশ্র জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা বিশেষ নজরদারি চালানো হবে। হাতিটি যাতে ফের লোকালয়ে ঢুকে মানুষের ক্ষতি না করে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
মানুষ-হাতি সংঘাতের ভয়াবহ ছবি
ছত্তীসগঢ়ে মানুষ ও হাতির সংঘাত নতুন ঘটনা নয়। বনাঞ্চলের কাছাকাছি গ্রাম, কৃষিজমি এবং জঙ্গলের উপর মানুষের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘাতও বেড়েছে। বনাঞ্চলে বসবাসকারী বহু মানুষ জ্বালানি, খাবার বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করতে গিয়ে হাতির মুখোমুখি হন। অনেক সময় ভোরে বা সন্ধ্যার পর এই ধরনের হামলার ঘটনা ঘটে।
ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ২০২৫ সালের একটি রিপোর্ট অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ছত্তীসগঢ়ে ২১৮টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭টি হাতির মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। বিষপ্রয়োগে মৃত্যু হয়েছে ৫টির। অন্য দিকে, ওই ২৩ বছরে হাতির হামলায় ৭৩৭ জনের মৃত্যু এবং ৯১ জনের আহত হওয়ার তথ্য উঠে এসেছে।
জানুয়ারি মাসে ছত্তীসগঢ় বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যে হাতির হামলায় ৩৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
হাতিকে সরানো নয়, সংঘাত কমানোই বড় চ্যালেঞ্জ
‘কাবরা কান’কে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা গেলেও ছত্তীসগঢ়ে মানুষ ও হাতির সংঘাতের সমস্যা মিটে যায়নি। বনাঞ্চলের সীমানায় বসতি, কৃষিকাজ এবং হাতির স্বাভাবিক চলাচলের পথের মধ্যে সংঘাত থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হাতির গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা, গ্রামবাসীদের সচেতন করা, জঙ্গলের করিডর রক্ষা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বনকর্মী দল গড়ে তোলা অত্যন্ত জরুরি।
আপাতত রেডিয়ো কলারের মাধ্যমে ‘কাবরা কান’-এর উপর নজর রাখছে বন দফতর। তবে যে হাতিকে ধরতে এত বড় অভিযান চালাতে হল, সে ফের লোকালয়ের দিকে এগোয় কি না, সেটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় উদ্বেগ।




