নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘Compromised PM’ বলে কটাক্ষ করতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল বিজেপি। কংগ্রেস নেতার বিরুদ্ধে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে এক বিজেপি নেতার কটাক্ষ, ‘ভারতকে অপমান করার জন্য কি টাকা পান রাহুল গান্ধী?’ শুক্রবার সমাজমাধ্যমে রাহুলের একটি পোস্ট ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।
কী লিখেছিলেন রাহুল? শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন কংগ্রেস সাংসদ। ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে আলোচনার টেবিলে বসে থাকতে। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও এই টেবিলে বসে থাকতেন। একজন আপস করা প্রধানমন্ত্রী কখনও এই টেবিলে বসতে পারেন না।’
রাহুলের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণে নামে বিজেপি। দলের মুখপাত্র তুহিন সিনহার দাবি, ভারতের স্বার্থের সঙ্গে আপস করার ইতিহাস কংগ্রেসেরই রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে শিমলা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, পাকিস্তানি যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার পরেও ভারতকে সন্ত্রাসবাদের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে শার্ম-এল-শেখ ঘোষণার কথাও তুলে ধরেন তিনি।
তুহিন সিনহার আরও অভিযোগ, ২০০৮ সালে কংগ্রেস ও চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিনা অনুদান নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর বক্তব্য, ভারতের স্বার্থে আপসের অভিযোগ তুলতে গেলে কংগ্রেসের নিজেদের অতীতও খতিয়ে দেখা উচিত।
অন্যদিকে, বিজেপির মুখপাত্র আরপি সিং রাহুলের বক্তব্যের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত আজ অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল। তাঁর দাবি ছিল, আন্তর্জাতিক কূটনীতিতে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনায় পাকিস্তান বেশি সক্রিয় ভূমিকা নিচ্ছে। সেই মন্তব্যের পরেও বিজেপি তাঁকে ‘পাকিস্তানপন্থী’ বলে আক্রমণ করেছিল। সব মিলিয়ে মোদীর বিদেশনীতি, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভূমিকা এবং কংগ্রেসের অতীত—এই তিন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে মুখোমুখি শাসক ও বিরোধী শিবির।




