কোচবিহার: পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ, তারপর উত্তরবঙ্গের একাধিক সামরিক ঘাঁটির আশপাশে সন্দেহজনক গতিবিধি! শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার সময় চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আটক হলেন এক বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কূটনীতিকের নাম লেখা ভিজিটিং কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভারতে চরবৃত্তির কোনও ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ধৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ সেলিম। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন সেলিম। কিন্তু ভারতে আসার পর তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়। অভিযোগ, উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক এলাকার আশপাশে ঘোরাফেরা করেছিলেন তিনি। বিশেষ করে বাগডোগরা এবং হাসিমারার মতো সংবেদনশীল এলাকায় তাঁর উপস্থিতি নজরে আসে গোয়েন্দাদের।
এরপর থেকেই তাঁর উপর নজরদারি চালাচ্ছিল নিরাপত্তা সংস্থাগুলি। বৃহস্পতিবার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন সেলিম। সেই সময়ই তাঁকে আটক করেন এনআইএ আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ থানায়। বর্তমানে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একটি ভিজিটিং কার্ড ঘিরে। ওই কার্ডে আনিল আসগর নামে এক ব্যক্তির পরিচয় উল্লেখ রয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, তিনি ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক পাকিস্তানি কূটনীতিক। ফলে ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তদন্তকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
জিজ্ঞাসাবাদে উপস্থিত রয়েছেন এনআইএ, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), বিএসএফের গোয়েন্দা শাখা এবং জেলা পুলিশের আধিকারিকরা। কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন সেলিম? কেনই বা পর্যটক ভিসায় এসে সামরিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ঘোরাফেরা করেছিলেন? পাকিস্তানি কূটনীতিকের ভিজিটিং কার্ডই বা তাঁর কাছে কীভাবে এল?
এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়নি। গোটা ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক গুপ্তচরচক্রের যোগ রয়েছে কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে। উত্তরবঙ্গের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।




