যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সাহস ও লড়াই তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে গোটা ঘটনায় দ্রুত এবং কার্যকর সমাধানের আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লেখেন, 'প্রত্যেক ছাত্রছাত্রী, তাঁদের পরিবার এবং অনিশ্চয়তার বোঝা বয়ে চলা প্রতিটি মানুষের প্রতি আমার সমবেদনা রয়েছে। শিক্ষা শুধু পরীক্ষা বা নম্বর নয়, এটি এক বড় ত্যাগ। রাত জেগে পড়াশোনা করা প্রতিটি পড়ুয়া এবং সন্তানকে পড়ানোর জন্য আর্থিক কষ্ট সহ্য করা প্রতিটি পরিবার ন্যায়বিচার, মর্যাদা ও বিশ্বাস পাওয়ার যোগ্য।' স্টোরিতে তিনি আরও বলেন, 'কোনও পরীক্ষার ফল বা কোনও ব্যবস্থার কারণে একটি প্রাণও চলে যাওয়া উচিত নয়।'
প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নোরা। আত্মহত্যার পথ বেছে নেওয়া পরীক্ষার্থীদের প্রসঙ্গ টেনে অভিনেত্রী লেখেন, 'প্রশ্নপত্র ফাঁসের খবর বহু মানুষকে হতাশ, ক্লান্ত ও হৃদয়ভঙ্গ করেছে। বিশেষ করে যেসব পরিবার তাঁদের সন্তানকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। পড়ুয়াদের আত্মহত্যার খবর আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাহস এবং মানসিক দৃঢ়তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।'
নোরা ফতেহি ছাড়াও পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন করেছেন বলিউড ও দেশের বিনোদন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, রাজকুমার রাও, রেবতী, তোভিনো থমাস, অনুরাগ কাশ্যপ এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং-সহ আরও অনেকে।