এন্টারটেনমেন্ট ডেস্ক: ‘বিগ বস বাংলা’র ঘরে এবার নতুন চমক। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শোয়ে প্রবেশ করতে চলেছেন অভিনেতা জীতু কমল। বেশ কিছুদিন ধরেই তাঁর নাম নিয়ে জল্পনা চলছিল। এবার নতুন প্রোমোয় জীতুকে দেখা যেতেই সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়েছে। আর তাঁর প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে।ঘরের অন্যতম শক্তিশালী প্রতিযোগী রাজবীর দে কি এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন?
শুরু থেকেই ‘বিগ বস বাংলা’র ঘরে বদলেছে একের পর এক সমীকরণ। প্রতিযোগীদের মধ্যে বন্ধুত্ব, বিরোধ এবং নতুন জোট ঘিরে ক্রমশ জমে উঠছে খেলা। এরই মধ্যে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহিনী পাল। সেই সিদ্ধান্ত নিয়েও ঘরের অন্দরে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। রাজবীর দে ও নন্দিনী দত্তদের আপত্তির পাশাপাশি নতুন ক্যাপ্টেনকে ঘিরে অন্য প্রতিযোগীদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে।
ঠিক এমন পরিস্থিতিতেই ঘরে প্রবেশ করছেন জীতু কমল। ফলে তাঁর উপস্থিতি প্রতিযোগীদের বর্তমান সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।
প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশের পর থেকেই রাজবীর দে নিজের উপস্থিতি যথেষ্ট জোরালোভাবে জানান দিয়েছেন। দেরিতে খেলায় যোগ দিয়েও দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে ঘনিষ্ঠতা, কখনও আবার বিভিন্ন বিষয় নিয়ে সংঘাত । একাধিক ঘটনায় বারবার চর্চায় এসেছে রাজবীরের নাম।
সৃজলা গুহ ও নন্দিনী দত্তের সঙ্গে তাঁর খুনসুটি থেকে শুরু করে জয়িতাকে সমর্থন করা কিংবা হেঁশেলে তনুশ্রীর সঙ্গে বিবাদ , সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে অন্যতম আলোচিত প্রতিযোগী হয়ে উঠেছেন রাজবীর। তাঁর কৌশলী খেলাও দর্শকদের নজর কেড়েছে।
তবে জীতু কমলের প্রবেশে সেই সমীকরণ এবার বদলে যেতে পারে। অভিনয় জগতের পরিচিত মুখ জীতুর নিজস্ব জনপ্রিয়তা রয়েছে। ফলে তিনি ঘরে ঢোকার পর কার সঙ্গে জোট বাঁধবেন, কার সঙ্গে সংঘাতে জড়াবেন এবং তাঁর গেম প্ল্যান কী হবে সেদিকেই এখন নজর।
এর আগে নিজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নন-ফিকশন শোয়ে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন জীতু। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রতিযোগিতায় জয়ী হলে প্রাপ্ত অর্থের বড় অংশ গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের সাহায্যে ব্যয় করার ইচ্ছা রয়েছে তাঁর। সেই পোস্টের পর থেকেই ‘বিগ বস বাংলা’য় তাঁর যোগদান নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছিল।
এবার শোয়ের নতুন প্রোমোয় জীতুকে দেখা যাওয়ার পর দর্শকদের অপেক্ষা তাঁর ঘরে প্রবেশের। সম্প্রতি সিনেমার কাজ শেষ করেছেন অভিনেতা। বর্তমানে তাঁর হাতে কোনও ধারাবাহিক না থাকায় ‘বিগ বস বাংলা’র ঘরে তিনি কতটা সময় থাকবেন এবং কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
একদিকে ইতিমধ্যেই নিজের আগ্রাসী ও কৌশলী খেলায় নজর কেড়েছেন রাজবীর, অন্যদিকে এবার মাঠে নামছেন জীতু। দুই প্রতিযোগীর উপস্থিতিতে ‘বিগ বস বাংলা’র খেলার মোড় কোনদিকে ঘোরে, সেটাই এখন দেখার।




