ধর্মতলায় ছাত্র বিক্ষোভ ঘিরে শুক্রবারের অশান্তির ঘটনায় পাঁচজনকে আটক করল কলকাতা পুলিশ। শনিবার বিকেলের মধ্যেই এই পদক্ষেপ করা হয়। তবে বিধানসভায় মুখ্যমন্ত্রী যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, আটক ব্যক্তিরা তাঁরাই কি না, সে বিষয়ে এখনও সরকারি ভাবে স্পষ্ট করা হয়নি।
শুক্রবার ধর্মতলার মোড় ও ডোরিনা ক্রসিং এলাকায় ছাত্রদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের লক্ষ্য করে জুতো ও বোতল ছুড়ে মারেন। সেই অশান্তির মধ্যেই খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক নিগ্রহের শিকার হন।
ঘটনার পরই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, মারধর ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিধানসভার অধিবেশনে তিনি পাঁচ অভিযুক্তের নামও উল্লেখ করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ পাঁচজনকে আটক করায় ঘটনাকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।