কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগানের মণ্ডপ বিপর্যয়কে ঘিরে এবার পুলিশের ডিউটি ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের দাবি, দুর্ঘটনার সময়ে ঘটনাস্থলে কোনও ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) কিংবা ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিক উপস্থিত ছিলেন না।
সূত্রের খবর, নিয়ম অনুযায়ী পুজোর ডিউটি সাধারণত দুটো-তিনটি শিফটে ভাগ করা হয়। ভোর ৬টা থেকে একটি শিফট শুরু হয়। অন্যদিকে, বিকেল ৪টে থেকে শুরু হয় পরবর্তী শিফট। বিকেল ৪টের শিফটে রিপোর্টিংয়ের পর দায়িত্বপ্রাপ্ত ডিসি নিজের অধীনে থাকা পুলিশকর্মীদের বিভিন্ন জায়গায় ডিউটিতে মোতায়েন করেন। কিন্তু সূত্রের দাবি, চোরবাগানের ঘটনার দিন বিকেল ৪টের নির্ধারিত রিপোর্টিং হয়নি। ওই দিন দায়িত্বপ্রাপ্ত ডিসিও উপস্থিত ছিলেন না বলে দাবি করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট পুলিশকর্মীরা নিজেদের উদ্যোগেই ডিউটি করছিলেন বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুজোর মতো অতিরিক্ত ভিড়ের সময়ে পুলিশের ডিউটি ও তদারকির দায়িত্ব কীভাবে পালন করা হয়েছিল? ঊর্ধ্বতন আধিকারিকদের অনুপস্থিতির অভিযোগের পাশাপাশি, সেদিনের ডিউটি চার্ট, রিপোর্টিংয়ের নথি এবং পুলিশকর্মীদের মোতায়েনের প্রক্রিয়াও নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই অভিযোগগুলির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।




