লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ব্যারিকেড দিয়েও ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান পুরোপুরি রুখতে পারল না দিল্লি পুলিশ। সোমবার দুপুরে পুলিশের বাধা অতিক্রম করে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান বিক্ষোভকারীদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের বাসে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন দমাতেই পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। সিজেপির দাবি, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও পুলিশ আটক করেছে।
এদিকে, সিজেপি দেশের সমস্ত সাংসদকে তাদের আন্দোলনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে। সোমবার সকালে সংসদ অভিযান কর্মসূচিতে যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। দলের অভিযোগ, ডিম্পল যাদব সহ দলের আরও কয়েক জন নেতা-কর্মীকেও দিল্লি পুলিশ আটক করেছে।
অন্যদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের দিকে পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। সেই ঘটনায় দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বর এবং আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিন যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে অটোয় চেপে পৌঁছতে দেখা যায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে।




