ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের জেরে সোমবার সকাল থেকেই সংসদ চত্বর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পার্লামেন্টের মূল গেটেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। অ্যাসল্ট রাইফেল হাতে কুইক রেসপন্স টিম-এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
অভিযান শুরুর আগে যন্তর মন্তরের সামনে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। এরপরও ককরোচ জনতা পার্টির কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ সংসদ ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন।
দুপুরের দিকে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সংসদ ভবনের মূল প্রবেশদ্বার। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
তবে কাঁদানে গ্যাস ও কড়া নিরাপত্তা সত্ত্বেও আন্দোলনকারীদের একাংশ পিছু হটতে রাজি হননি। সংসদ ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের টানটান উত্তেজনা তৈরি হয়।




