কোচবিহার, নিউজ ডেস্ক: সকালটা অন্য দিনের মতোই ছিল। কিন্তু কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘির জলে হঠাৎ নজরে আসে এমন এক দৃশ্য, যা দেখে থমকে যান স্থানীয়রা। জলের মধ্যে কাপড় জড়ানো অবস্থায় পড়ে রয়েছে একটি মৃত কচ্ছপ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে মৃত্যু হল প্রাণীটির, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে থাকা কোন কাপড়ে জড়িয়ে পড়েই বিপাকে পড়ে থাকতে পারে কচ্ছপটি। তবে, ঠিক কি কারনে কচ্ছপের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
সূত্রে খবর, কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘিতে একটি কচ্ছপের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কচ্ছপটিকে একটি কাপড়ে পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীঘির জলে থাকা কাপড়ে জড়িয়ে পড়ার কারণেই কচ্ছপটির মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে সাগরদিঘির জল ও পরিবেশের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, দীঘিতে স্নানের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনও কিছু মানুষ সাগরদিঘিতে স্নান করেন। মাঝেমধ্যেই কিছু জনকে জলে নামতে দেখা যায় বলে দাবি তাঁদের। ফলে, স্নানের সময় ব্যবহৃত কাপড় বা অন্যান্য সামগ্রী দিঘির জলে থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। মৃত কচ্ছপটি সেই কাপড় এই আটকে গিয়েছিল কি না, তা নিয়ে এখন তৈরি হয়েছে জল্পনা। এর পাশাপাশি, সাধারণ মানুষের অসতর্কভাবে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন বর্জ্যও দীঘির জলে গিয়ে পড়ছে। সাধারণ মানুষের একাংশের অসচেতনার কারণে এইসব সামগ্রী জলাশয়ে গিয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে যেমন জল দূষিত হচ্ছে, অন্যদিকে জলজ প্রাণীদেরও বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে। প্লাস্টিক কিংবা কাপড়ের মত সামগ্রীতে আটকে গিয়ে জলজ প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের বক্তব্য, সাগরদিঘী কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য। ফলে, শুধুমাত্র জলাশয়ের সৌন্দর্য রক্ষা নয় এর জলজ ও পরিবেশ ও সুরক্ষিত রাখা জরুরি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারি থাকলেও সাধারণ মানুষের সচেতনতার অভাবে সাগরদিঘির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যাতে কোনওভাবেই দীঘির জলে না যায়, সেদিকে নজর দেওয়া জরুরি।স্থানীয়দের দাবি, সাগরদিঘির পরিবেশ ও জলজ প্রাণীদের সুরক্ষায় প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন। পাশাপাশি, নিষেধাজ্ঞা অমান্য করে স্নান এবং দীঘিতে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
একটি কচ্ছপের মৃত্যু তাই সাগরদিঘির পরিবেশ নিয়ে ফের একবার বড় প্রশ্ন তুলে দিল। ঐতিহ্যবাহী সাগরদিঘির পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা হলেও ঘটনাটি যেন সতর্কবার্তা হয়ে সামনে এসেছে। তাই প্রশাসনের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষ সচেতন না হলে, আগামী দিনে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
