ঝাড়গ্রাম: বাপের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্বামী। কিন্তু সেই যাত্রার শেষ পরিণতি যে এমন ভয়াবহ হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। এমনকী খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোরও চেষ্টা করা হয়েছিল। অবশেষে প্রায় ছয় বছর পর এই মামলায় বড়সড় রায় দিল ঝাড়গ্রাম জেলা আদালত। স্ত্রীকে খুন এবং প্রমাণ লোপাটের দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক।
সাজাপ্রাপ্তের নাম রঞ্জিত বারিক। বয়স ৬৫ বছর। তিনি নয়াগ্রাম থানা এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১৩ মে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। মৃতা বিজুবালা বারিকের ভাই পূর্ণচন্দ্র বারিক তাঁর জামাইবাবু রঞ্জিতের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ৯টা নাগাদ রঞ্জিত ফোন করে জানান, বিজুবালাকে বাপের বাড়ি পৌঁছে দিতে নিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বিজুবালা বাপের বাড়িতে পৌঁছননি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। পূর্ণচন্দ্র রঞ্জিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
এরপর রঞ্জিতের ভাই বাদল বারিককে ফোন করেন পূর্ণচন্দ্র। প্রথমে তিনি ফোন কেটে দিলেও পরে আবার যোগাযোগ করে জানান, বিজুবালা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পরবর্তী সময়ে সামনে আসে অন্য তথ্য।
নয়াগ্রাম থানার ভালুকঘোরা জঙ্গল থেকে উদ্ধার হয় বিজুবালার দেহ। তদন্তে উঠে আসে, তাঁর নিজের পরনের কাপড় গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ। পুলিশ তদন্তে পারিবারিক বিবাদের বিষয়টি সামনে আসে। এরপর গ্রেপ্তার করা হয় স্বামী রঞ্জিতকে।
২০২১ সালের ৩ মার্চ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচার চলাকালীন জামিন পাননি রঞ্জিত। জেল হেফাজতেই তাঁর বিচারপ্রক্রিয়া চলে। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
অবশেষে জেলা ও দায়রা বিচারক সরজিত মজুমদার রায় ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় রঞ্জিতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে না পারলে অতিরিক্ত দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়াও প্রমাণ লোপাটের দায়ে ২০১ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুটি ধারায় সাজা একসঙ্গেই চলবে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে আদালতের এই রায়ে স্বস্তি পেয়েছে মৃতার পরিবার।




