নিউজ ডেস্ক: গিরিশ পার্ক থানাকে কেন্দ্র করে উত্তেজনা। থানার ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বাইরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মহিলা তৃণমূল কর্মীদের ধাওয়া ও হেনস্থার অভিযোগ উঠল। অভিষেকের দাবি, মহিলা কর্মীদের উদ্দেশে তাড়া করা হয় এবং 'মার মার' স্লোগানও ওঠে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অভিষেকের বক্তব্য, থানার নোটিস পেয়েই তিনি থানায় গিয়েছিলেন। সেখানে বিজেপি কর্মীদের জমায়েত হওয়ার কোনও প্রয়োজন ছিল না। বিষয়টি নিয়ে আগেই পুলিশ ও প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল বলেও দাবি তাঁর। তা সত্ত্বেও কীভাবে বিজেপি কর্মীদের জমায়েত হতে দেওয়া হল, কেন অশান্তি আটকাতে পারল না পুলিশ, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
পুলিশের সামনেই মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিষেকের। এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। যদিও গোটা ঘটনায় বিজেপির বক্তব্য এবং পুলিশের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।




