কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লি যখন উত্তপ্ত, ঠিক সেই সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁকে। তবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। কিন্তু রাজধানীতে আন্দোলনের তীব্রতা যখন তুঙ্গে, তখন এই বৈঠক নানা জল্পনার জন্ম দিয়েছে।
নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। তাদের মূল দাবি, এই ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সেই দাবিকে সামনে রেখেই সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।
সংসদের উদ্দেশে বিক্ষোভ মিছিল এগোতেই দিল্লির বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ। বহু আন্দোলনকারীকে আটকও করা হয়েছে। যদিও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বাধা অতিক্রম করে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের অমিত শাহের সঙ্গে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, চলমান আন্দোলন এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অন্য কোনও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও সরকারি ইঙ্গিত মেলেনি।




