কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ২৫ বছরের এই তিরন্দাজ। এরই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে রিকার্ভে হিসেবে সোনা জেতা প্রথম ভারতীয় পুরুষ তিরন্দাজও হয়ে গেলেন ধীরাজ। ম্যাচের ৫ সেট শেষে দু’জনের পয়েন্ট ছিল ৫-৫। ফলে খেতাবের ফয়সালা হয় শুট-অফে। সেখানেই ১০-৯ পয়েন্টে জাপানের প্রতিপক্ষকে টপকে সোনা নিশ্চিত করেন ধীরাজ।
ফাইনালে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে দু’জনেই ২৮ পয়েন্ট করে পাওয়ায় সেট ভাগাভাগি হয়। দ্বিতীয় সেটে ২৯-২৮ জিতে এগিয়ে যান নাকানিশি। কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ান ভারতের এক নম্বর রিকার্ভ আর্চার। তৃতীয় সেট ২৯-২৮ জিতে সমতা ফেরান ধীরাজ। চতুর্থ সেটে আবার ৩০-২৮ জিতে এগিয়ে গিয়েছিলেন জাপানের তিরন্দাজ। শেষ সেটেই ছিল খেতাবের আসল লড়াই। সেখানে ২৮-২৭ ব্যবধানে সেট জিতে ম্যাচকে শুট-অফে নিয়ে যান ধীরাজ। শেষ মুহূর্তে ঠান্ডা মাথার নিশানায় ১০ পয়েন্ট তুলে নিয়ে ইতিহাস গড়েন তিনি।
ধীরাজের এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৩ এবং ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালে পদক ছাড়াই ফিরতে হয়েছিল তাঁকে। এ বার অবশ্য শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা এই ভারতীয়। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পৌঁছনোর পরে বিশ্বের ২০ নম্বরে থাকা নাকানিশিকেও হারিয়ে দিলেন তিনি। ধীরাজ সোনা জেতায় ১৬ বছর পরে বিশ্বকাপ ফাইনালের পুরুষ রিকার্ভে পদকও পেল ভারত। শেষবার ২০১০ সালে এডিনবরার প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন জয়ন্ত তালুকদার।
ধীরাজের হাত ধরে আরও একটি দীর্ঘ অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ ফাইনালের ব্যক্তিগত রিকার্ভে ভারতের শেষ সোনা এসেছিল ২০০৭ সালে। মহিলাদের বিভাগে দুবাইয়ে খেতাব জিতেছিলেন দোলা বন্দ্যোপাধ্যায়। তার পরে আর কোনও ভারতীয় সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। ভারতের সবচেয়ে সফল তিরন্দাজ অবশ্য দীপিকা কুমার। বিশ্বকাপ ফাইনালে ৮ বার অংশ নিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ছ’টি পদক, পাঁচটি রুপো এবং একটি ব্রোঞ্জ। সেই তালিকায় এ বার নতুন অধ্যায় যোগ করলেন ধীরাজ। পুরুষ রিকার্ভে বিশ্বকাপ ফাইনালের শীর্ষ মঞ্চে উঠে ভারতীয় তিরন্দাজির ইতিহাসে নিজের নাম স্থায়ী করে ফেললেন তিনি।