শনিবার থেকে সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ - 'সেল্ফ এনুমারেশন’ বা স্ব-সুমারি। আগামী ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা অনলাইনে নিজ উদ্যোগে ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন প্রক্রিয়ায় প্রতিটি পরিবারকে ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, যা বাড়ি ও পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহে সাহায্য করবে।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, শহরে এই প্রক্রিয়াকে সফল করতে কলকাতার প্রায় ১,০০০টি স্কুলের (৭০০টি সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি বেসরকারি) অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। প্রতিটি ক্লাসে একজন করে ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হয়েছে।
এই প্রযুক্তি-সচেতন ছাত্র-ছাত্রীরা নিজেদের পরিবারের পাশাপাশি আরও ১০টি পরিবারকে অনলাইনে তথ্য পূরণে উৎসাহিত করবে। কলকাতার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ মানুষকে এই অনলাইন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
ইচ্ছুক নাগরিকরা নির্দিষ্ট পোর্টালে (https://se.census.gov.in) (https://se.census.gov.in) গিয়ে মাত্র ১০ মিনিটে আবেদন করতে পারবেন। আটটি ধাপে ফর্ম পূরণের পর মোবাইলে বা ই-মেলে ১১ নম্বরের একটি ‘SEID’ কোড আসবে, যা যত্ন সহকারে রেখে দিতে হবে। যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের চিন্তার কোনো কারণ নেই।
আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮,২০০ জন এনুমারেটর ও ১,৪০০ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিঙ্গভিত্তিক জনসংখ্যা গণনার কাজ।