নিউজ ডেস্ক: এবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তবে সেই প্রতিবাদের নামে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। দিল্লিতে বিক্ষোভের জেরে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দিলীপ ঘোষ বলেন, 'দিল্লিতে অশান্তি তৈরির চেষ্টা হলে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন। দিল্লির বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা মানুষের জন্যও যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। কিন্তু যেভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সাধারণ মানুষও ভয়ের মধ্যে আছেন। প্রত্যেকেরই প্রতিবাদের মাধ্যমে নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা বন্ধ হওয়া উচিত।'
উল্লেখ্য, শনিবার দিল্লির যন্তর মন্তরে CJP-র বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে বিক্ষোভের জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কর্মসূচিতে যোগ দিতে আসা কয়েক জনকে আটকও করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর একাধিক স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধরপাকড়ও চলছে।
প্রতিবাদের জেরে রাজধানীর সাধারণ মানুষের যাতায়াতেও প্রভাব পড়েছে। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনে প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। কিছু ট্রেন পরিষেবাতেও বাতিলের প্রভাব পড়েছে বলে খবর। পাশাপাশি, দিল্লির বিভিন্ন প্রবেশপথে যানবাহন পরীক্ষা এবং সন্দেহভাজনদের উপর নজরদারি বাড়ানো হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বহু মানুষকে আটক করা হয়েছে। কিছু প্রতিবেদনে ৪০০-র বেশি মানুষকে আটকের দাবি করা হয়েছে, অন্যদিকে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে ১৫০ জনকে আটক করার কথা উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী বলে দাবি করা হয়েছে। একদিকে যন্তর মন্তরের সামনে জমায়েতের প্রস্তুতি, অন্যদিকে নিরাপত্তার কড়াকড়ি ও পুলিশের ধরপাকড় সব মিলিয়ে সরগরম দিল্লির রাজনৈতিক পরিস্থিতি।




