স্পোর্টস ডেস্ক: ডার্বির পর আচমকাই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ জয়ের রাস্তা আরও কঠিন করে ফেলল অর্চিষ্মান বিশ্বাসের দল। শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের গোলে হার বাঁচলেও ৩ পয়েন্টের বদলে ১ পয়েন্ট নিয়েই ফিরতে হল ইস্টবেঙ্গলকে। অথচ সুপার সিক্সের এই ম্যাচে জয় ছাড়া কার্যত অন্য কোনও ফলই তাদের জন্য স্বস্তিদায়ক ছিল না। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর দ্বিতীয় ম্যাচেও একই ছবি। ফলে লিগের শেষ হাসি হাসতে এখন শুধু নিজেদের ফলের দিকে তাকিয়ে থাকলেই চলবে না ইস্টবেঙ্গলকে।
গোটা লিগ পর্বে যে দলকে প্রায় অপ্রতিরোধ্য দেখিয়েছিল, সুপার সিক্সে এসে সেই দলটাই যেন নিজেদের ছায়া। আকাশ হেমব্রম, বিজয় মুর্মুরা চেষ্টা করছেন, আক্রমণে উঠছেন, সুযোগও তৈরি হচ্ছে। কিন্তু সেই সুযোগকে গোলে পরিণত করার ধারটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। মহমেডানের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে লালথানকিমার গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। এর পর মরিয়া হয়ে আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলছিল না কিছুতেই। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম লগ্নে আকাশের গোলে সমতা ফেরে। হার এড়ানো গেল ঠিকই, কিন্তু ততক্ষণে বড় ক্ষতিটা হয়েই গিয়েছে।
ডার্বির পর থেকেই কি তবে শরীরী ভাষায় বদল? নাকি টানা লিগের শেষে ক্লান্তি, চাপ কিংবা আত্মতুষ্টি, কারণ যা-ই হোক, মাঠের ছবিটা বলছে গুরুত্বপূর্ণ সময়ে ইস্টবেঙ্গল নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারছে না। ফুটবলে সুযোগ তৈরি করাই শেষ কথা নয়, সেই সুযোগকে গোলে পরিণত করাটাই আসল। আর সেখানেই বারবার আটকে যাচ্ছে লাল-হলুদ। অবশ্য অঙ্কের হিসেবে এখনও পুরোপুরি ছিটকে যায়নি তারা। কিন্তু যে সম্ভাবনা একসময় নিজেদের হাতেই ছিল, এখন তার জন্য অন্য ম্যাচের ফলের অপেক্ষা করতে হচ্ছে। বৃহস্পতিবারই হয়তো পরিষ্কার হয়ে যাবে কলকাতা লিগের শেষ হাসি কে হাসছে। তার আগে প্রশ্ন একটাই। ডার্বি ড্র-এর পর কি একটু আগেই লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল?
এই স্বপ্নই এখন কঠিন করে দিয়েছে যাবতীয় হিসাব নিকাশকে। শেষ ম্যাচটিতে শুধু নিজেদের জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচের দিকেও। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে মোহনবাগান। ফলে অঙ্কের বিচারে এই মুহূর্তে সুবিধাজনক জায়গায় সবুজ-মেরুনই। অর্থাৎ কলকাতা লিগের ভাগ্য এখন আর পুরোপুরি মশালবাহিনীর হাতে নেই। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলও অনুকূলে আসতে হবে। গোটা লিগ অপরাজিত থাকার পর এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা নিশ্চয়ই ভাবেনি লাল-হলুদ শিবির।