নিউজ ডেস্ক: ইডেনের মহালয়ার মেগা ইভেন্টে আসছেন না মোদী-শাহ, কাটছাঁট হচ্ছে আয়োজনে, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান।
শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
প্রশাসন সূত্রে খবর, উৎসবের আবহে ইডেনে এক মঞ্চে কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছিল। প্রাথমিক পর্যায়ে এই আয়োজনে শামিল হতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীতিগতভাবে সম্মতিও জানিয়েছিলেন বলে জানা যায়। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মঞ্চসজ্জা সব ক্ষেত্রেই নেওয়া হচ্ছিল অতিরিক্ত প্রস্তুতি। তবে মঙ্গলবার দিল্লি থেকে তাঁদের অপারগতার কথা জানিয়ে বার্তা পৌঁছনোর পরই প্রস্তুতির গতিপ্রকৃতি বদলাতে শুরু করেছে। জানা গেছে, দুই শীর্ষ ভিভিআইপি উপস্থিত না থাকায় প্রাথমিকভাবে ভাবা বিপুল আয়োজনে কিছুটা কাটছাঁট করছে নবান্ন।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত না থাকলেও মহালয়ার এই উদযাপন কোনো অংশে ফিকে হতে দিতে নারাজ রাজ্য প্রশাসন। সরকারিভাবে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে প্রতিটি দফতরের মন্ত্রীকে মহালয়ার দিন ইডেনে উপস্থিত থাকার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং সমাজসেবা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকেও এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
যদিও ইডেনের এই সরকারি অনুষ্ঠানে থাকছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তবুও উৎসবের মরশুমে তাঁর বাংলা সফর সম্পূর্ণ বাতিল হচ্ছে না বলেই খবর। বিশ্বস্ত সূত্রে ইঙ্গিত মিলেছে, সরকারি মঞ্চ এড়িয়ে গেলেও পুজো শুরুর মুখে রাজ্যের বেশ কয়েকটি অগ্রগণ্য দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধনের জন্য কলকাতায় আসতে পারেন অমিত শাহ।