ফরিদাবাদ: মুখে দীপাবলির শুভেচ্ছা, হাতে বন্দুক! সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রতিবেশী। তবুও থামল না গুলি। কখনও অশ্রাব্য গালিগালাজ, কখনও প্রাণে মেরে ফেলার হুমকি, আবার কখনও বন্দুকের ম্যাগাজিন বদলে নতুন করে গুলি চালানো। হরিয়ানার ফরিদাবাদে সিঙ্গাপুর ফেরত এক কর্পোরেট কর্তার হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন অনেকে। সামান্য পার্কিংয়ের বিবাদ কীভাবে এমন নৃশংস হত্যাকাণ্ডের চেহারা নিল, তা নিয়েই এখন তোলপাড়।
https://x.com/notyournaukar/status/2120763127981871517?a=kr5Iiosq6Th4N7NhAV8&s=20
নিহত ব্যক্তির নাম পরমজিৎ ধনখড়। বয়স ৪২ বছর। তিনি সিঙ্গাপুরে একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। একসময় টেক মাহিন্দ্রার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়িক বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন এবং আত্মীয়ের বিয়েতে যোগ দিতে দেশে ফিরেছিলেন পরমজিৎ। কিন্তু বাড়ি ফেরা যে তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা।
ঘটনাটি ৬ নভেম্বর ধনতেরসের সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকার। অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মার সঙ্গে পরমজিতের পরিবারের বিবাদ চলছিল। পোষ্য কুকুরের কারণে পার্কিং এলাকায় নোংরা হওয়া নিয়েও দুই পরিবারের মধ্যে একাধিকবার অশান্তি হয়েছিল বলে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ি সরানোর অজুহাতে পরমজিৎকে বাড়ির বাইরে ডেকে আনেন মনু। প্রথমে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় পরমজিতের ছেলেও সেখানে উপস্থিত ছিল। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন পরমজিৎ। কিন্তু আচমকাই পকেট থেকে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন পরমজিৎ। কিন্তু তাঁকে ধাওয়া করেন মনু।
এরপর বাড়ির মূল ফটকের কাছেও চলে হামলা। ফুটেজে দেখা যাচ্ছে, আহত অবস্থাতেও অভিযুক্তকে বাধা দেওয়ার চেষ্টা করেন পরমজিৎ। কিন্তু তাতেও থামেননি মনু। পিস্তলের ম্যাগাজিন বদলে ফের গুলি চালান তিনি। এমনকী পরিবারের সদস্যদের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গুলি চালানোর সময় ‘হ্যাপি দিওয়ালি, মুবারক’ বলেও কটাক্ষ করেন অভিযুক্ত। পাশাপাশি গোটা পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দেন।
পুলিশের দাবি, হামলায় প্রায় ১৫-১৬ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে ৮-৯টি গুলি লাগে পরমজিতের শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মনু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র এবং পালানোর জন্য ব্যবহৃত গাড়ি। পরমজিতের পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি পার্কিংয়ের জায়গা নিয়ে বিবাদ, আর তার পরিণতি এমন ভয়াবহ! প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ নতুন করে প্রশ্ন তুলছে ব্যক্তিগত শত্রুতার জেরে বন্দুকের এমন বেপরোয়া ব্যবহারের বিপজ্জনক প্রবণতা নিয়ে।




