ফুটবল বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এবার জুড়তে চলেছে এক নতুন অধ্যায়। এতদিন বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে উঠত সোনালি বিশ্বকাপ ট্রফি, আর গলায় ঝুলত সোনার পদক। এবার সেই ঐতিহ্যে নতুন সংযোজন করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো বিশ্বজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ রিং’।
২০ জুলাই রাত ১২:৩০-এ নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই মহারণের আগেই এই অভিনব পুরস্কারের আনুষ্ঠানিক উন্মোচন করেছে ফিফা। ফিফার মতে, বিশেষ এই চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপের ঐতিহ্যবাহী ট্রফির নকশা। অন্য পাশে থাকবে বিজয়ী দেশের পরিচয় ও সাফল্যকে তুলে ধরা বিশেষ ডিজাইন। ফলে প্রতিটি রিং হবে সংশ্লিষ্ট বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য আলাদা ও অনন্য।
মোট ২,০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করেছে ফিফা। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ থাকবে বিশ্বজয়ী দলের খেলোয়াড় ও সদস্যদের জন্য। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে উন্মুক্ত করা হবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী বা সাময়িক রিং তুলে দেওয়া হবে। পরে বিশ্বজয়ী দলের ৩০ জন সদস্যের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা ব্যক্তিগত রিং আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
এবারের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে রয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের ১৯ বছর বয়সী বিস্ময়বালক লামিনে ইয়ামাল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে পরাস্ত করে ২০১০ সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এখন দেখার এই মেগা-ফাইনালে শেষ হাসি হাসবে কে।




