নিজের গদি বাঁচাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ বিক্রি বিতর্কে ক্রমেই চাপ বাড়ছে ফিফার অন্দরে। সেই আবহেই বুধবার মরক্কোর রাবাতে সকল সহযোগী ফিফা কর্তাকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকলেন সভাপতি। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, গত এক সপ্তাহের পর পর ঘটনা এবং বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনাকে ঘিরে তৈরি হওয়া সংকটই এই বৈঠক ডাকার মূল কারণ।
বিতর্কের সূত্রপাত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা গঠনের পরিকল্পনাকে ঘিরে। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাগত দায়িত্ব সেই সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু পরিকল্পনাটি সামনে আসার সঙ্গে সঙ্গে এতটাই উত্তাল হয়ে ওঠে গোটা ফুটবল দুনিয়া যে গত শনিবার তা প্রত্যাহার করে নিতে কার্যত বাধ্য হয় ফিফা। তবু ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বজোড়া ক্ষোভ বা বিতর্ক থামছিল না কিছুতেই। ইতিমধ্যে ইনফান্তিনোকে অনাস্থার হুঁশিয়ারি দিয়ে ফিফাকে আইনি নোটিশও পাঠিয়েছে উয়োফা। সব মিলিয়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি।
বৈঠকে ইনফান্তিনোর পাশাপাশি উপস্থিত থাকার কথা সচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং ফিফার ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যদের। তাঁদের মধ্যে রয়েছেন চিফ অব স্টাফ ড্যানিয়েল ও'টুল, চিফ লিগ্যাল অফিসার এমিলিও গার্সিয়া সিলভেরো, সদস্য সংস্থাগুলির প্রধান এলখান মাম্মাদভ, মানবসম্পদ বিভাগের প্রধান কিম্বার্লি মরিস, মিডিয়া ডিরেক্টর ব্রায়ান সোয়ানসন এবং যোগাযোগ বিভাগের প্রধান ডেভিড ফ্যারেলি। অর্থাৎ, ফিফার শীর্ষ প্রশাসনিক স্তরই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবে এই বৈঠকে।
এ দিকে এরই মধ্যে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান তথা আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি বিশ্বকাপের বেসরকারিকরণ প্রকল্পের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না। একই সঙ্গে তাঁর মন্তব্য, পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল "সম্পূর্ণ প্রয়োজনীয় এবং প্রশ্নাতীত"। অন্যদিকে সংস্থার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় গ্রাফস্ট্রম গত সপ্তাহের ঘটনাবলিকে "দুঃখজনক এবং নিন্দনীয়" বলে উল্লেখ করেছেন। তবে পাশাপাশি তাঁর এও দাবি, প্রকল্পটি চিরতরে বাতিল হওয়ায় সেই অধ্যায়ের ইতি ঘটে গিয়েছে।