কলকাতা, সইফ খান: কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন। মঙ্গলবার ভোররাতে বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটিসি বিল্ডিংয়ে লাগানো টুনি লাইট থেকেই আগুনের সূত্রপাত। স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো টুনি লাইট থেকে এই অগ্নিকাণ্ড। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। উল্লেখ্য, এই বিল্ডিংয়ের অষ্টম তলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
মঙ্গলবার কাকভোরে কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আগুনের ফুলকি লক্ষ্য করেন বিমানবন্দরের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই বাড়তে থাকে তীব্রতা। দাউদাউ করে জ্বলে ওঠে তিনতলার একাংশ। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক।
খবর পেয়েই সঙ্গে সঙ্গে উপস্থিত হয় বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও বিমানবন্দর সূত্রে এখনও কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এটিসি বিল্ডিংয়ের আটতলা থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিমানের পথ নির্দেশিকা থেকে শুরু করে পাইলটদের ম্যাসেজ পাঠানো, সব কিছুই নিয়ন্ত্রিত হয় এখন থেকে। কাজেই এই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটলে বিমান চলাচল যে ব্যাহত হবে তা বলাই বাহুল্য।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছিল গোটা বিল্ডিং। সেখান থেকেই কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে তেমনটাই অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন আধিকারিকরা।




