ইতালির কিংবদন্তি ডিফেন্ডার তথা এসি মিলানের প্রাক্তন অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি আর নেই। শুক্রবার মাত্র ৬৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এসি মিলানের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে ক্লাবটি জানিয়েছে, "ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকস্তব্ধ গোটা মিলান পরিবার। তাঁর আদর্শ, সততা এবং নেতৃত্ব চিরকাল ক্লাবের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।" ২০২০ সাল থেকে তিনি ক্লাবের সম্মানীয় সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
১৯৬০ সালে লোম্বার্ডিতে জন্ম নেওয়া বারেসি এসি মিলানের যুব দলে যোগ দেন ১৯৭৪ সালে। এর পর ১৯৭৮ নাগাদ মাত্র ১৮ বছর বয়সেই সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। অল্প বয়সেই প্রথম একাদশের নিয়মিত সদস্য এবং পরে অধিনায়কও হন। দুর্দান্ত ট্যাকল, নিখুঁত পজিশনিং এবং নেতৃত্বের সুবাদে বিশ্বের অন্যতম সেরা সুইপার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন বারেসি। পাওলো মালদিনি, মাউরো তাসোত্তি ও আলেসান্দ্রো কস্তাকুর্তার সঙ্গে গড়ে তোলেন ইউরোপের অন্যতম সেরা রক্ষণভাগ।
বারেসির নেতৃত্বে ৩টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) এবং ৬টি ইতালিয়ান লিগ শিরোপা জিতেছিল এসি মিলান। ১৯৯৭ সালে ৭১৯ ম্যাচ খেলে একটি বর্ণময় মিলান ক্যারিয়ারের ইতি টানেন তিনি। পরে সেই রেকর্ড ভাঙেন কেবল তাঁরই সতীর্থ মালদিনি। ইতালির জাতীয় দলের জার্সিতে ৮১টি ম্যাচ খেলেছেন বারেসি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আবার ১৯৯৪ বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নেতৃত্বও দেন। যদিও সেবার টাইব্রেকারে হেরে আরেকটি শিরোপা থেকে বঞ্চিত হতে হয় তাঁকে।
এসি মিলান এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানায়নি। তবে ২০২৫ সালের অগাস্টে ফুসফুসে একটি নডিউল ধরা পড়ার পর অস্ত্রোপচার করানো হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পরে তিনি নিজেই জানিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল বিশ্ব হারাল কিংবদন্তি ফুটবলারকে। যাঁর নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে এসি মিলান এবং ইতালির ফুটবল ইতিহাসে।