নিজের অভিনয় দক্ষতায় ওটিটি থেকে বড়পর্দা কাঁপিয়ে বেড়ানো অভিনেত্রী সায়নী গুপ্ত এবার একেবারে আন্তর্জাতিক মঞ্চে। তাও একেবারে মুখ্য ভূমিকায়, নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি।বর্তমানে মিনেসোটার ডুলুথ শহরে পুরোদমে চলছে এই নতুন ছবির শুটিং। নীল তুলির পরিচালনায় 'আরিয়া'তে সায়নীকে দেখা যাবে এক পিয়ানো শিক্ষিকার চরিত্রে।সিনেমায় তার চরিত্রের নাম আর্যা।
সূত্রের খবর, সিনেমার বাঙালি একজন পিয়ানো শিক্ষকের ভূমিকা অভিনয় করছেন তিনি। কলকাতা থেকে মিনেসোটার ডুলুথ শহরে যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার প্রেক্ষাপট। এক জায়গা থেকে লুকিয়ে নতুন শহরের নতুন দেশের সংস্কৃতি সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, তার জীবনের যে লড়াই তা তুলে ধরা হয়েছে এই গল্পে। সায়নী বলেন, ‘হলিউডের কাজ করার স্বপ্ন দীর্ঘ দিনের ছিল। সঠিক সিনেমার জন্য অপেক্ষা করছিলাম তার ফল পেয়েছি।’
শুধু অভিনয়ই নয়, এই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্বও সামলাচ্ছেন সায়নী নিজে। এর আগে তিনি ‘আসমানি’ নামের একটি নিজের লেখা শর্ট ফিল্মের পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব একা হাতে সামলেছিলেন। বঙ্গতনয়ার এই সাফল্যের খবর সামনে আসতেই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।
নতুন জার্নি নিয়ে খুবই উৎসাহী সায়নী। তার কথায়, ‘এটা হতেই হতো। অনেকদিন ধরেই এই জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখেছি। প্রথম ছবিতেই এত সুন্দর একটি চিত্রনাট্য এবং দুর্দান্ত একটি চরিত্র পাওয়ায় আমি কৃতজ্ঞ।’