বারাণসী, হরিদ্বার কিংবা ঋষিকেশের ঘাটে সন্ধ্যা নামলেই ভেসে আসে ঘণ্টাধ্বনি, শঙ্খের আওয়াজ। গঙ্গার বুকে জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ। এবার সেই পরিচিত দৃশ্যেরই সাক্ষী হতে চলেছে সুদূর লন্ডন।
গঙ্গার তীর ছেড়ে ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘গঙ্গা আরতি’ এবার অনুষ্ঠিত হবে টেমসের তীরেও। আগামী ১৩ সেপ্টেম্বর লন্ডনে আয়োজিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।
গঙ্গা আরতির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের বহু বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস। সূর্যাস্তের পর নদীর সামনে প্রদীপ, ধূপ ও আগুনের মাধ্যমে দেবতার উদ্দেশে প্রার্থনা জানানোর এই প্রথা বিশেষ করে বারাণসী ও হরিদ্বারে অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন সন্ধ্যায় এই আরতি দেখতে দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় করেন গঙ্গার ঘাটে।
এবার সেই আবহই তৈরি করা হবে লন্ডনে। টেমস নদীর তীরে ভারতীয় রীতিনীতি মেনে আয়োজিত হবে আরতি। অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি থাকবে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা। লন্ডনে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ভারতীয় সংস্কৃতিতে আগ্রহী মানুষেরাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানা যাচ্ছে।