দ্রুতগতির ট্রেন গুলির মধ্যে অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস। এবার এই দ্রুতগতির ট্রেন গড়লো নজির। ভারতীয় রেলের তৎপরতায় বাঁচলো প্রাণ। প্রথমবার অঙ্গ প্রতিস্থাপনের জন্য সুরাট থেকে আমেদাবাদ পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার পথ বন্দে ভারত এক্সপ্রেসে পরিবহণ করা হলো একটি হৃদপিণ্ড। আর নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছনোর পর সফলভাবে সম্পন্ন হলো হৃদপিণ্ড প্রতিস্থাপন। ইতিহাসে এই রেকর্ড চিরস্মরণীয় হয়ে থাকবে।
রেল সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮:৫৮ মিনিটে মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেস সুরাট স্টেশন থেকে হৃদপিণ্ড নিয়ে যাত্রা শুরু করে। মাত্র আড়াই ঘণ্টার কিছু সময়ের ব্যাবধানে ১১:৩০ মিনিটে ট্রেনটি আমেদাবাদ স্টেশনে পৌঁছায়। এক মুহুর্ত সময় নষ্ট না করে গ্রিন করিডরের মাধ্যমে হৃদপিণ্ড পৌঁছানো হয় ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতালে। এর পর শুরু হয় অস্ত্রোপচার।
অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তে মাথায় রাখতে হয় সময়ের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন করতে হবে। কারন যত দ্রুত অঙ্গ প্রতিস্থাপন করা যায়, সফলতার সম্ভাবনা ততই বেড়ে যায়। সেই কারণেই এই অভিযানে নিখুঁত সমন্বয়ে কাজ করে ভারতীয় রেল, আরপিএফ, গুজরাট পুলিশ এবং চিকিৎসকরা।
এই ঘটনাকে ভারতীয় রেলের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন ভারতীয় রেলের আহমেদাবাদ ডিভিশনের ডিআরএম বেদ প্রকাশ। এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। তিনি বলেন, সকলের একত্রিত প্রচেষ্টায় এই সফলতা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই লড়াই যা ভীষনভাবে সফল হয়েছে।
রেলের গতি এবার শুধু যাত্রী পরিষেবা দিল না ফিরিয়ে দিল নতুন জীবনও। বন্দে ভারত এক্সপ্রেস যেভাবে যাত্রী প্রাণ বাঁচালো তাতে ভারতীয় রেলের নয়া ইতিহাস তৈরি হল।