নিউজ ডেস্ক: রাত পোহালেই রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ। জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে যোগ দিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মমতা। এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সন্ধ্যায় দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মমতার সঙ্গে দেখা করেন দীপকে। এই সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এরপরই অভিজিৎ দীপকে-কে পাশে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, CJP-র তরুণ সদস্যরা দেশের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে আন্দোলন চালাচ্ছেন, তা প্রশংসনীয়। তাঁদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাতেও কর্মসূচি করার জন্য অভিজিৎদের আমন্ত্রণ জানান তৃণমূল নেত্রী।
সিজেপি-র আন্দোলনকে পূর্ণ সমর্থন করার জন্য পাল্টা মমতাকে ধন্যবাদ জানিয়ে দীপকে বলেন, ‘ আন্দোলনের প্রথম দিন থেকেই মমতা তাঁদের পাশে থেকেছেন এবং বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন। সেই কারণেই কৃতজ্ঞতা জানাতে তিনি দেখা করতে এসেছেন।’
আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করেছে বিরোধীরা। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা।
ভোটার তালিকা সংশোধন এবং ভোটচুরির অভিযোগ এই আন্দোলনের অন্যতম বিষয়। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে দেশের রাজধানীতে হাজির হয়েছেন বিরোধী দলগুলির লক্ষাধিক নেতা-কর্মী। তার আগে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। পুরো চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।




