নিউজ ডেস্ক: টিউশন পড়াতে যাওয়ার পথে পথ আটকে গৃহশিক্ষিকার শ্লীলতাহানি! শুধু তাই নয়, ইনস্টাগ্রামে যোগাযোগ রাখার জন্য চাপ দেওয়া হয় তাঁকে। ব্লক করলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে ব্যারাকপুর থানার মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকায়। ইতিমধ্যে দুই অভিযুক্ত যুবককেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা হল দীপ কুণ্ডু এবং অর্ক সাহা।
অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, শুক্রবার রাতে পড়াতে যাওয়ার সময় তাঁর পথ আটকে দাঁড়ায় দুই যুবক। কথাবার্তার একপর্যায়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের পরিচয় জানতে চাওয়া হয়। তাঁদের পাঠানো বার্তার উত্তর দিতে হবে এবং কোনওভাবেই ব্লক করা যাবে না বলেও চাপ দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদ জানিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তরুণীর হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো বিষয়টি জানান তিনি।
এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়ায়। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও নানা অভিযোগ ছিল। অভিযুক্ত দুই যুবক এলাকারই বাসিন্দা। শুক্রবার রাতে তাদের খুঁজে বের করে মারধর করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেফতার করে। এর আগেও ওই দু’জনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ছিল।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সম্প্রতি, বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায় এক গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শফিকুল খান। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




