স্পোর্টস ডেস্ক: আইপিএলের দলবদলে বড়সড় চমক! একদিকে হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, অন্যদিকে পাঞ্জাব কিংসের কাছ থেকে তুলে নিল তারকা বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। আইপিএলের ২০২৭ মরশুমের নিলামের আগে এই অদলবদল ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই দলবদলের কথা জানানো হয়েছে। আগামী সপ্তাহে আইপিএলের ক্রিকেটার ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার আগেই এই বড় সিদ্ধান্ত নিল দুই দল।
নতুন ঠিকানায় গিয়ে আর্থিক দিক থেকেও লাভবান হয়েছেন হার্দিক। পাঞ্জাব কিংসে যোগ দিয়ে তাঁর পারিশ্রমিক বেড়ে হয়েছে ১৮ কোটি টাকা। এতদিন মুম্বইয়ে তিনি পেতেন ১৬.৩৫ কোটি টাকা। অন্যদিকে, অর্শদীপ মুম্বইয়ে আসছেন তাঁর আগের ১৮ কোটি টাকার চুক্তিতেই। অর্থাৎ, দুই তারকার দল বদলে পারিশ্রমিকের অঙ্কে বিশেষ পরিবর্তন না হলেও দুই দলের শক্তির ভারসাম্যে বড়সড় রদবদল হতে চলেছে।
এই দলবদলের ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। অর্শদীপের বাবা দর্শন সিং জানিয়েছিলেন, ছেলের দল পরিবর্তনের খবর তাঁদের কাছে পৌঁছেছে। নিউজিল্যান্ডে এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, পাঞ্জাবের সঙ্গে অর্শদীপের দীর্ঘদিনের সম্পর্ক। সেই দল ছেড়ে যাওয়ায় আবেগ কাজ করছে। তবে মুম্বইয়ের মতো দলে ছেলের সুযোগ পাওয়ায় তাঁরা খুশি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাহের মতো তারকাদের সঙ্গে অর্শদীপ খেলবেন, সেটাও পরিবারের কাছে বড় প্রাপ্তি।
২০১৯ সালে পাঞ্জাবের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল অর্শদীপের। আট মরশুমে ৯৬টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ১১১টি উইকেট। পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।
অন্যদিকে, মুম্বইয়ে হার্দিকের দ্বিতীয় অধ্যায় প্রত্যাশা পূরণ করতে পারেনি। ৩৯ ম্যাচে ৬৪৭ রান করার পাশাপাশি নিয়েছেন ২৯টি উইকেট। তাঁর নেতৃত্বে ২০২৫ সালে মুম্বই প্লে-অফে উঠলেও ২০২৪ ও ২০২৬ মরশুমে শেষ করেছে নবম স্থানে। এবার নতুন দলে গিয়ে হার্দিক কতটা সাফল্য পান, সেটাই দেখার।




