শ্রাবণের শুরুতেই দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে। তার জেরেই চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি। সোমবার সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর দুপুরের মধ্যে চাঁদবালি ও ক্যানিংয়ের মাঝামাঝি অঞ্চল দিয়ে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ সারাদিনই মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।
নিম্নচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে।
সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ১ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ধস এবং জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।