মুম্বই: পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠলেই আর সঙ্গে সঙ্গে শাস্তিমূলক পদক্ষেপ নয়। আগে অভিযুক্ত পড়ুয়ার বক্তব্য শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এমনই নতুন নিয়ম আনার পথে আইআইটি বম্বে। ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যুর পর ক্যাম্পাসে তৈরি হওয়া বিতর্ক ও বিক্ষোভের আবহেই পরীক্ষায় নকল মোকাবিলার নিয়ম বদলানোর জন্য এই খসড়া তৈরি করা হচ্ছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়া পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে প্রথমেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করা হবে না। সংশ্লিষ্ট পড়ুয়ার বক্তব্য শোনার সুযোগ থাকবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে।
বর্তমান নিয়মে পরীক্ষাকেন্দ্রে নকল করতে গিয়ে কোনও পড়ুয়া ধরা পড়লে দ্রুত শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়। নতুন খসড়ায় সেই ব্যবস্থাতেই পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পড়ুয়ার নিজের বক্তব্য এবং ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
এই পরিবর্তনের প্রস্তাব এসেছে আইআইটি বম্বের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যুর কয়েক সপ্তাহ পর। গত ১৮ সেপ্টেম্বর তাঁর হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
সাহিলের বাবা-মা কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন এবং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। যদিও সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লা। সাহিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে অপরাধদমন শাখা।
সাহিলের মৃত্যুর পর আইআইটি বম্বে কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিলেন সাহিল। অভিযোগ, তিনি চ্যাটজিপিটি খুলে প্রশ্নপত্র আপলোড করে উত্তর সংগ্রহ করছিলেন এবং সেই উত্তর লিখছিলেন। দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বিষয়টি লক্ষ্য করে তাঁকে ধরেন। পরে বিভাগীয় প্রধানের সঙ্গেও তাঁর কথা হয়।
তবে কর্তৃপক্ষের সেই বিবৃতি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত বিবৃতিটি প্রত্যাহার করে নেয় আইআইটি মুম্বই। বিবৃতি প্রকাশের জন্য ক্ষমাও চাওয়া হয় কর্তৃপক্ষের তরফে।
এই পরিস্থিতিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ মোকাবিলায় নিয়ম বদলের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন ব্যবস্থায় কোনও অভিযোগের ভিত্তিতে সরাসরি শাস্তি দেওয়ার আগে পড়ুয়ার বক্তব্য শোনার সুযোগ থাকবে। ফলে পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পড়ুয়ার বক্তব্যের অধিকারও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
তবে এই খসড়া এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত নিয়ম কবে কার্যকর হবে এবং সেখানে কী কী পরিবর্তন থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। সাহিলের মৃত্যুকে ঘিরে চলা তদন্ত ও বিতর্কের মধ্যেই আইআইটি মুম্বইয়ের এই পদক্ষেপ নতুন করে নজর কেড়েছে।
