নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি হয়ে উঠেছিল রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্র। ভোটপ্রচারে ঝাড়গ্রাম সফরে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাথে বিখ্যাত হন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ। বিহারের বাসিন্দা বিক্রমের কাছে ভিড় জমান সাংবাদিকরা। তারপর থেকেই রাজনীতির আঙিনায় চর্চায় ঝালমুড়ি। এবার দুর্গাপুজোর সময়েও সমান প্রাসঙ্গিক হতে চলেছে সেই ঝালমুড়ি। ঝাড়গ্রামের গিধনি স্পোর্টিং ক্লাবের থিমভাবনা মুখরোচক বাঙালি স্ন্যাকস।
প্রতি বছরেই এখানে থিম পুজো হয় অর্থাৎ শিল্পের মধ্যে দিয়ে দর্শকদের কোনও বার্তা দেওয়ার চেষ্টা চিরকাল করে আসছেন উদ্যোক্তারা। গত বছর এই পুজো ৮২ বছরে পা দিল। এই পুজোর সঙ্গে জড়িয়ে কমপক্ষে ৫০০ জন সদস্য। এবার এই মণ্ডপেই তুলে ধরা হবে ঝালমুড়ির জনপ্রিয়তা , দেখানো হবে বিক্রেতাদের দৈনন্দিন জীবনযাপনও। মণ্ডপের সামনে প্রায় ৬ ফুট উচ্চতার দু'টি ঠোঙা থাকবে। আর তার উপরে থাকবে লঙ্কা ও লেবু। আমরা ঠিক ট্রেনে যেভাবে ঝালমুড়ি বিক্রি করতে দেখি সেই ভাবনায় তৈরি করা হচ্ছে মণ্ডপ।
কমপক্ষে দু'হাজার টিন দিয়ে মুড়ির বিরাট পাত্র তৈরি করা হচ্ছে। এই মণ্ডপ সজ্জার দায়িত্বে আছেন শিল্পী সুমন দত্ত। তিনি জানান, মণ্ডপের ভিতরে নানা ধরনের মডেল থাকবে। কেউ ট্রেনে কিংবা কেউ মেলা, দোকান কিংবা স্টেশনের বাইরে ঝালমুড়ি বিক্রি করার মডেলও থাকবে। এছাড়া মণ্ডপের ভিতরে দশ হাজার ঝালমুড়ির ঠোঙা ঝোলানো হবে। এই মণ্ডপ দেখে দর্শকরা ঝালমুড়ির লোভ সামলাতে পারবেন না বলেই দাবি শিল্পীর।
পুজো উদ্যোক্তাদের দাবি, বাঙালির নস্টালজিয়াকে জাগিয়ে তুলতেই প্রিয় স্ন্যাকস ঝালমুড়িকে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে। এই থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুজো উদ্যোক্তারা আরও জানিয়েছেন যে, এই মণ্ডপ সাজাতে কাগজ ব্যবহার করা হচ্ছে, যেটি পরিবেশবান্ধব। আবার ঝালমুড়ি বিক্রি করে নানা ধর্ম-বর্ণের মানুষ পেট চালান। তাই ঝালমুড়ি থিমের মাধ্যমে সম্প্রীতির বার্তাও দেওয়া সম্ভব।
সে কারণেই ব্যতিক্রমী ভাবনা। এই পুজোয় দেবী আরাধনার পাশাপাশি রক্তদান, স্বাস্থ্যপরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণও করা হয়। এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। ঝালমুড়ি থিমের কথা শুনে বেজায় খুশি বিক্রমকুমার সাউ অর্থাৎ প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়ানো সেই বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। পুজোয় এবার লক্ষ্মীলাভ অনেকটা বাড়বে বলেই আশা তাঁর।
