নয়া দিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের প্রতিবাদ ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। ভোটার তালিকা সংশোধন ও ‘SIR’ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল INDIA জোট। মিছিল মাঝপথে আটকে দেয় দিল্লি পুলিশ। এরপরই একাধিক বিরোধী নেতাকে আটক করা হয়।
এই মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদ। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের পথ আটকে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান ওঠে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এই দাবিতেই তাঁরা জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
অন্যদিকে, পুলিশি বাধার পর একাধিক নেতাকে বাসে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকেও আটক করা হয়েছিল বলে জানা যায়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে খবর।
ঘটনাকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিরোধীদের এই কর্মসূচি এবং পুলিশের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। মঙ্গলবারের এই বিক্ষোভ কার্যত নির্বাচন কমিশন ইস্যুতে INDIA জোটের আন্দোলনকে আরও বড় মাত্রা দিল।