নিউজ ডেস্ক: ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পথে এগোচ্ছে ভারত। যুদ্ধক্ষেত্রে মানুষের ঝুঁকি কমিয়ে প্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে ভারতের এআই
নির্ভর যুদ্ধবিমান FWD SUPREME LIGHT।
প্রতিরক্ষা ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তির ব্যবহার আগামী দিনে যুদ্ধের ধরনকে অনেকটাই বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধ পরিস্থিতিতে পাইলটকে সরাসরি বিপদের মধ্যে না পাঠিয়ে AI-নির্ভর বিমানকে প্রথম সারিতে পাঠানো সম্ভব হবে। শত্রুর হামলার আশঙ্কা রয়েছে এমন এলাকায় আগে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় অভিযান চালানোর ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
‘FWD Supreme’-এর অন্যতম বৈশিষ্ট্য হল মানুষহীন পরিচালন ক্ষমতা।
অর্থাৎ ককপিটে পাইলটের উপস্থিতি ছাড়াই বিমানটি নির্দিষ্ট মিশনে অংশ নিতে পারবে। শুধু বিমান পরিচালনাই নয়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রেও AI প্রযুক্তিকে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে। শত্রুপক্ষের গতিবিধি বিশ্লেষণ, সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করা এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যেতে পারে। ফলে মানুষের পাশাপাশি AI-ভিত্তিক প্রযুক্তিও যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সহায়ক হয়ে উঠবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং AI-নির্ভর প্রযুক্তির গুরুত্ব ক্রমশ বাড়বে। মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে দূর থেকে বা স্বয়ংক্রিয়ভাবে অভিযান পরিচালনার প্রবণতা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা গবেষণায় গুরুত্ব পাচ্ছে।




