কলকাতা, নিউজ ডেস্ক: ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা যে ক্রমশই কঠিন হয়ে উঠছে, তা মানতে দ্বিধা নেই প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের। তবে সেই কারণে এখনই টিম ইন্ডিয়াকে হিসাবের বাইরে রাখতে নারাজ তিনি। 'দ্যা ওয়ালে'র মতে, দলের গভীরতা এবং ক্রিকেটারদের সামগ্রিক মান এমনই যে, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এখনও রয়েছে তাদের। দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে ভারতের। এ বার তৃতীয়বার সেই ফাইনালের মঞ্চে পৌঁছতে হলে কঠিন পরীক্ষায় উতরাতে হবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলকে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ফলে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলিতে কার্যত জয়ের ধারাবাহিকতা দেখাতে হবে। সামনে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ। ফলে শুধু নিজেদের ম্যাচ জেতাই নয়। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের দিকেও। সামান্য ভুলও শেষ পর্যন্ত ফাইনালের দৌড়ে বড় ব্যবধান তৈরি করে দিতে পারে।
তবে দ্রাবিড়ের বক্তব্যে হতাশার সুর নেই। বরং তাঁর বিশ্বাস, ভারতের হাতে এখনও এমন ক্রিকেটার রয়েছেন, যাঁরা কঠিন পরিস্থিতি বদলে দিতে পারেন। টেস্ট ক্রিকেটে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা, ব্যাটিং-বোলিংয়ে একাধিক বিকল্প এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা, এই শক্তিগুলিই ভারতকে ফের দৌড়ে ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন তিনি। তাই পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও এখনই ভারতের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে, এমনটা বলা ঠিক হবে না।
ভারতের সামনে লক্ষ্য পরিষ্কার। বাকি ম্যাচগুলিতে যত বেশি সম্ভব জয় তুলে নিয়ে ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখা। শেষ পর্যন্ত শীর্ষ দুইয়ে পৌঁছনো কতটা সম্ভব হবে, তার উত্তর দেবে আগামী কয়েকটি সিরিজ। কিন্তু মিস্টার ডিপেন্ডেবলের বার্তা অন্ততঃ ভারতীয় সমর্থকদের কিছুটা স্বস্তি দিতে পারে। পথ কঠিন ঠিকই, কিন্তু দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এখনও অধরা; তৃতীয় বার ফাইনালে পৌঁছে সেই আক্ষেপ মেটানোর লড়াই তাই জারি রাখতেই হবে ভারতকে।