নিউজ ডেস্ক: এক পরিবারের সদস্যদের গায়ের রং নীলচে! কারও ঠোঁট বেগুনি, কারও আবার গোটা শরীরের রং নীল। রূপকথা বা কল্পবিজ্ঞানের গল্প নয়, আমেরিকার কেন্টাকি প্রদেশের এক পরিবারের বাস্তব ইতিহাস এমনই। কয়েক প্রজন্ম ধরে আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে কী ভাবে বিরল জিনগত রোগ ছড়িয়ে পড়েছিল, তা এক সময় চিকিৎসাবিজ্ঞানীদের কাছেও ছিল বড় রহস্য। ‘ব্লু পিপল অফ কেন্টাকি’ নামে পরিচিত সেই পরিবারের কাহিনি আজও জিনতত্ত্বের আলোচনায় উল্লেখযোগ্য উদাহরণ। সম্প্রতি ভারতে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে নিয়ে আইনি বিতর্কের আবহে সেই পুরনো ঘটনা ফের আলোচনায় এসেছে।
কী ভাবে শুরু হয়েছিল রহস্য?
এই কাহিনির সূত্রপাত ১৮২০ সালে। ফ্রান্স থেকে আমেরিকায় আসা মার্টিন ফুগেট নামের এক ব্যক্তি কেন্টাকির পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় বসতি গড়েন। তাঁর বিয়ে হয় এলিজাবেথ স্মিথ নামে এক মহিলার সঙ্গে। তাঁদের সাতটি সন্তান হয়েছিল। কথিত আছে, সেই সাত সন্তানের মধ্যে চার জনের গায়ের রং ছিল নীলচে। পরিবারের অন্য সদস্যদের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও তখন এর কোনও চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা ছিল না।
ফুগেট পরিবার বসবাস করত কেন্টাকির ট্রাবলসম ক্রিক অঞ্চলে। এলাকাটি ছিল অত্যন্ত দুর্গম। যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল, বাইরের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগও ছিল সীমিত। ফলে স্থানীয় কয়েকটি পরিবারের মধ্যেই বিয়ের সম্পর্ক গড়ে উঠতে থাকে। ফুগেট পরিবারের সদস্যদের বিয়ে হয় আত্মীয়স্বজন এবং আশপাশের পরিচিত কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধরনের বিয়ে চলতে থাকায় বিরল জিনগত বৈশিষ্ট্যটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে।
নীল হয়ে যাচ্ছিল কেন ত্বক?
পরবর্তী সময়ে চিকিৎসকেরা জানতে পারেন, ফুগেট পরিবারের সদস্যদের এই অস্বাভাবিক ত্বকের রঙের কারণ মেথেমোগ্লোবিনেমিয়া (Methemoglobinemia) নামে একটি বিরল রক্তের রোগ। এই রোগে রক্তের মধ্যে মেথেমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। সাধারণ হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। কিন্তু মেথেমোগ্লোবিন সেই কাজ ঠিকমতো করতে পারে না। ফলে রক্তের অক্সিজেন পরিবহণের ক্ষমতা কমে যায় এবং ত্বকে নীলচে আভা দেখা দিতে পারে।
ফুগেট পরিবারের ক্ষেত্রে রোগটি ছিল বংশগত। শরীরের নির্দিষ্ট একটি এনজাইমের ঘাটতির সঙ্গে এই সমস্যার যোগ ছিল বলে চিকিৎসকেরা মনে করেন। সাধারণত এই ধরনের জিনগত রোগের ক্ষেত্রে কোনও ব্যক্তির মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে হলে বাবা এবং মা, দু’জনের কাছ থেকেই ত্রুটিপূর্ণ জিনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রয়োজন। বাবা-মা দু’জনেই জিনটির বাহক হলেও তাঁদের নিজেদের শরীরে রোগের লক্ষণ নাও থাকতে পারে।
কিন্তু তাঁদের সন্তান উভয়ের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন পেলে রোগে আক্রান্ত হতে পারে। ফুগেট পরিবারের ক্ষেত্রে আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে একই বিরল জিন বহনকারী দুই ব্যক্তির মধ্যে বিবাহের সম্ভাবনা বেড়ে যায়। তার ফলে পরবর্তী প্রজন্মে রোগটির প্রকাশও বেশি করে দেখা দিতে থাকে।
চিকিৎসকদের নজরে এল কী ভাবে?
দীর্ঘ দিন ধরে এই পরিবারের নীলচে ত্বকের কারণ অজানাই ছিল। ১৯৬০-এর দশকে বিষয়টি চিকিৎসাবিজ্ঞানের নজরে আসে। রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর ম্যাডিসন কেইন এবং নার্স রুথ পেন্ডারগ্রাস কেন্টাকির ওই অঞ্চলে নীলচে ত্বকের অধিকারী কয়েক জন মানুষের খোঁজ পান। তাঁদের মধ্যে ছিলেন র্যাচেল ও প্যাট্রিক রিচি নামে দুই ভাইবোন।
চিকিৎসকেরা তাঁদের রক্ত পরীক্ষা করেন এবং পরিবারের বংশপরিচয় খতিয়ে দেখতে শুরু করেন। ধীরে ধীরে স্পষ্ট হয়, এটি কোনও সংক্রমণ বা সাধারণ চর্মরোগ নয়। বরং বংশপরম্পরায় চলে আসা একটি বিরল জিনগত সমস্যা। পরিবারের বিভিন্ন শাখার মধ্যে বিয়ের সম্পর্ক খতিয়ে দেখেও রোগটির বিস্তারের সূত্র পাওয়া যায়।
পরীক্ষায় দেখা যায়, সাধারণ মানুষের রক্তে মেথেমোগ্লোবিনের পরিমাণ সাধারণত ১ শতাংশেরও কম থাকে। কিন্তু ওই পরিবারের আক্রান্ত সদস্যদের ক্ষেত্রে তা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। এই মাত্রা ত্বকে নীলচে রং তৈরি করার পক্ষে যথেষ্ট। তবে আশ্চর্যের বিষয়, আক্রান্তদের অনেকেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগতেন না। তাঁদের অনেকে দীর্ঘ জীবনও কাটিয়েছেন।
ওষুধেই ফিরেছিল স্বাভাবিক রং
চিকিৎসকেরা পরে মিথিলিন ব্লু নামে একটি ওষুধের সাহায্যে এই সমস্যার মোকাবিলা করেন। এই ওষুধ শরীরে মেথেমোগ্লোবিনের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে নীলচে ত্বকের রং অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের প্রয়োজন ছিল। এই রোগের চিকিৎসায় মিথিলিন ব্লুর ব্যবহার চিকিৎসাবিজ্ঞানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ফুগেট পরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে এই বৈশিষ্ট্য ধীরে ধীরে কমতে থাকে। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া, বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং অন্য অঞ্চলে বসতি গড়ার ফলে পরিবারের সদস্যদের মধ্যে বিবাহের পরিধিও বাড়ে। ফলে একই বিরল জিন বহনকারী দুই ব্যক্তির মধ্যে বিয়ের সম্ভাবনা কমে যায়।
১৯৭৫ সালে বেঞ্জামিন স্টেসি নামে এক শিশুর জন্মের সময় ফের এই পুরনো রহস্য সামনে আসে। জন্মের পর তাঁর ত্বক ছিল অত্যন্ত নীলচে। চিকিৎসকেরা প্রথমে উদ্বিগ্ন হয়ে পড়লেও পরিবারের সদস্যেরা জানান, তাঁদের পূর্বপুরুষদের মধ্যেও এমন ঘটনা ঘটেছিল। পরে জানা যায়, বেঞ্জামিনের শরীরেও ওই জিনগত বৈশিষ্ট্যের প্রভাব রয়েছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ত্বকের নীলচে রং অনেকটাই কমে যায়।
ভারতে আত্মীয়ের মধ্যে বিয়ে নিয়ে বিতর্ক
কেন্টাকির এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে ভারতের সুপ্রিম কোর্টে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রে। গত সপ্তাহে এই ধরনের বিয়ের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলেছে শীর্ষ আদালত। বেঙ্গালুরুর আইন পড়ুয়া চার্ভি এস এই বিষয়ে একটি আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে সন্তানের শরীরে একই ধরনের জিনের উপস্থিতি বা হোমোজাইগোসিটি বেড়ে যেতে পারে। এর ফলে কিছু বংশগত রোগ, জন্মগত শারীরিক ত্রুটি, শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং বিকাশজনিত প্রতিবন্ধকতার ঝুঁকি বাড়তে পারে। শিশুমৃত্যুর আশঙ্কা বৃদ্ধির কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, আত্মীয়ের মধ্যে বিয়ে হলেই যে সন্তান অসুস্থ হবে, এমন কোনও সরল সমীকরণ নেই। ঝুঁকি নির্ভর করে পরিবারের জিনগত বৈশিষ্ট্য, নির্দিষ্ট রোগের উপস্থিতি এবং বাবা-মা দু’জনেই একই ত্রুটিপূর্ণ জিনের বাহক কি না, তার উপর। কেন্টাকির ফুগেট পরিবারের ইতিহাস দেখিয়েছে, একটি বিরল জিন কী ভাবে বিচ্ছিন্ন জনবসতি এবং প্রজন্মের পর প্রজন্ম আত্মীয়ের মধ্যে বিয়ের কারণে একটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসাবিজ্ঞানের কাছে তাই এই ঘটনা শুধু অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের গল্প নয়, বরং বংশগত রোগ এবং জিনগত ঝুঁকি বোঝারও এক গুরুত্বপূর্ণ অধ্যায়।




