ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে পূর্ব নুসা তেংগারা প্রদেশের উপকূলীয় এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। এন্দে শহরের উত্তর-পশ্চিমে প্রায় ৬৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। প্রায় এক মিনিট ধরে শক্তিশালী কম্পন চলতে থাকে। এরপর একের পর এক আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বহু মানুষ নিরাপদ জায়গার খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কিছু ভবন ভেঙেও পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে, কম্পনের সময় সেতু ও রাস্তা দুলছে। কোথাও আবার ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কাও তৈরি হয়েছে। এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ভূমিকম্পের পরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। ইন্দোনেশিয়ার বিভিন্ন উপকূলে কয়েক ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। কোথাও কোথাও সমুদ্রের জল দ্রুত পিছিয়ে যাওয়ার ঘটনাও নজরে আসে। পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূ-ভৌতিক সংস্থা জানিয়েছে, পরবর্তী আফটারশকের বিষয়ে নজর রাখা হচ্ছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাবের কাজও চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।