বিশ্বকাপের বেসরকারিকরণের পরিকল্পনা কার্যত বুমেরাং হয়ে গিয়েছে জিয়ান্নি ইনফান্তিনোর জন্য। সম্প্রতি ফিফা সভাপতিকে উয়েফা আইনি নোটিশ পাঠানোর পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে তাঁর পদ নিয়ে। এ হেন পরিস্থিতিতে নিজের গদি বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চাইছেন ইনফান্তিনো। অন্তত এমনই দাবি করেছে আমেরিকার একটি নামী সংবাদমাধ্যম।
এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বসতে চলেছেন ইনফান্তিনো। সেখানে ফুটবলকে আমেরিকার ‘সফট পাওয়ার’ বা নরম শক্তি হিসেবে কাজে লাগানোর প্রসঙ্গ উঠতে পারে। তবে সংশ্লিষ্ট মহলের এক সূত্রের দাবি, আলোচনার আসল উদ্দেশ্য অন্য। তাঁর কথায়, ‘‘বিদেশ সচিবের সঙ্গে একান্তে কথা বলতে চান উনি। কিন্তু আমরা সকলেই জানি, আসলে নিজের পদ বাঁচানোর চেষ্টাই করছেন।’’
আরও একটি সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে লাগাতার সমালোচনার জেরে নিজেকে অনেকটাই একঘরে বলে মনে করছেন ইনফান্তিনো। তাই এমন কোনও প্রভাবশালী নেতার সমর্থন চাইছেন, যিনি প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়াতে পারেন। সেই জায়গায় ট্রাম্পকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপের আয়োজন ঘিরে গত কয়েক বছরে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সেই ব্যক্তিগত সমীকরণই এখন তাঁর বড় ভরসা। তবে ট্রাম্প প্রকাশ্যে ইনফান্তিনোর পাশে দাঁড়াবেন কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। এই পরিস্থিতিতে ফিফার অন্দরের ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।