স্পোর্টস ডেস্ক: ফুটবলে নায়ক হওয়ার সবচেয়ে সহজ রাস্তা গোল করা। বল জালে জড়ালেই উচ্ছ্বাস, করতালি, শিরোনাম। কিন্তু যাঁরা প্রতিপক্ষের গোলের রাস্তা বন্ধ করে দেন, তাঁদের কৃতিত্ব অনেক সময়ই আড়ালে থেকে যায়। গোল বাঁচানোর জন্য গ্যালারি ফেটে পড়ে না, সংবাদপত্রের প্রথম পাতাতেও সচরাচর জায়গা হয় না তাঁদের। সেই চেনা ছবিটাই বদলে দিলেন পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি জিতে নিলেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার। ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার উঠল তাঁর হাতে।
এই পুরস্কারের ইতিহাসে কুবারসির জয় নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৩ সালে ইতালির দৈনিক তুত্তোস্পোর্ত এই পুরস্কার চালু করেছিল। ইউরোপের সবচেয়ে প্রতিভাবান অনূর্ধ্ব-২১ ফুটবলারকে দেওয়া হয় এই সম্মান। এ বছর প্রথমবার ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি দেওয়া হয়েছে। এত দিন এই মঞ্চে মূলত আক্রমণাত্মক ফুটবলারদেরই জয়জয়কার দেখা গিয়েছে। কুবারসি সেই ধারায় ব্যতিক্রমী সংযোজন।
বার্সেলোনার এই তরুণের কাছে ২০২৬ সাল স্বপ্নের মতো। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন, ক্লাবের হয়ে জিতেছেন লা লিগা। বিশ্বকাপজয়ী দলের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। সবচেয়ে বিস্ময়কর তথ্য, স্পেনের বিশ্বকাপ অভিযানে একটি মিনিটের জন্যও মাঠের বাইরে থাকতে হয়নি তাঁকে। গোটা প্রতিযোগিতায় প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে নিজের দায়িত্ব পালন করেছেন নিখুঁতভাবে। বয়স মাত্র ১৯ হলেও চাপ সামলানোর ক্ষেত্রে তাঁর পরিণতিবোধ নজর কেড়েছে ফুটবলবিশ্বের।
বিশ্বকাপের পর তাঁর বাজারদরও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। ৮ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ১০ কোটি ইউরো। আর্সেনালের উইলিয়াম সালিবার সঙ্গে যৌথভাবে এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার কুবারসি। অর্থাৎ শুধু পুরস্কার নয়, বাজারদরেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি।
বার্সেলোনার তরুণ প্রতিভাদের তালিকায় কুবারসির আগে এই পুরস্কার জিতেছেন পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল। ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং ২০২৪ সালে ইয়ামালের হাতে উঠেছিল এই সম্মান। গত বছর পুরস্কার পেয়েছিলেন প্যারিস সাঁ জারমাঁর দেজিরে দুয়ে। তবে রক্ষণভাগের ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতার নজির খুব বেশি নেই। ২০১৮ সালে মাথিয়াস ডি লিটের পর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে সেই কৃতিত্ব অর্জন করলেন কুবারসি।
পুরস্কার জয়ের পথও ছিল কঠিন। ইউরোপের ২৫টি শক্তিশালী লিগে খেলা ২০০৬ সাল বা তার পরে জন্মানো ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছিল ১০০ জনের প্রাথমিক তালিকা। পারফরম্যান্স, সম্ভাবনা, ক্লাবের মান, লিগের শক্তি এবং বাজারদর বিচার করে সেই তালিকা নামিয়ে আনা হয় ২৫ জনে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিচারেই সেরার শিরোপা পান কুবারসি।
গোলের আলোয় যাঁরা থাকেন, তাঁদের বাইরে দাঁড়িয়েও যে বিশ্বজয়ী হওয়া যায়, কুবারসি যেন সেটাই প্রমাণ করলেন। মাত্র ১৯ বছরেই তাঁর হাতে উঠল সোনার স্বীকৃতি। ফুটবলবিশ্বকে মনে করিয়ে দিলেন, গোল করাই সব নয়, কখনও কখনও গোল হতে না দেওয়াই সবচেয়ে বড় কৃতিত্ব।




