ইংল্যান্ডে অভিষেক সিরিজে সাফল্য না পেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছে বৈভব সূর্যবংশী। টিম ইন্ডিয়ায় বিস্ময় বালক ৩ ম্যাচে ১৫১ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। তার গড় ৫০.৩৩ এবং স্ট্রাইক রেট ছিল ১৯৬.১০। সতীর্থ ইশান কিশনকেও পিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছে বৈভব। তার দাপুটে পারফরম্যান্সেই জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রেয়স আইয়ারের দল।
বৈভবের এই দুরন্ত ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। সামাজিক মাধ্যমে তিনি এমন একটি মন্তব্য করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইরফানের মতে, ভারতের টি-টোয়েন্টি দলে বৈভব যাঁর জায়গায় খেলছে, তাঁর পক্ষে দলে ফেরা অত্যন্ত কঠিন হয়ে যাবে।
সমাজ মাধ্যমে ইরফান লেখেন, "যার জায়গাই এই ছেলেটা নিক না কেন, তাকে আর দলে ফিরতে দেবে না। বৈভব সূর্যবংশী কতটা বিশেষ প্রতিভা, সেটা সবাই দেখছে।" এ দিকে ইরফানের এই মন্তব্য অনেকেই সঞ্জু স্যামসনের প্রসঙ্গ হিসেবেই দেখছেন। বিশ্বকাপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েও বর্তমানে দল থেকে বাদ পড়েছেন স্যামসন। জিম্বাবুয়ে সিরিজে তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছিল বৈভব।
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে এমন পরিণত এবং বিধ্বংসী ব্যাটিং করে বৈভব ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিয়েছে। ধারাবাহিক এই পারফরম্যান্সের পর ভারতের টি-টোয়েন্টি দলে তার জায়গা আরও শক্ত হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।




