স্পোর্টস ডেস্ক: শনি-সন্ধ্যার দুবাইয়ে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। আর সেই জয়ের পরেই আরও একবার পাকিস্তানকে রবিবার নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। এ দিন ম্যাচের পর সমাজ মাধ্যমে তাঁর ছোট্ট পোস্ট "আজ সানডে হ্যায় ক্যা?" যা নতুন করে মনে করিয়ে দিল ২০২৫ সালের এশিয়া কাপে তাঁর সেই ভাইরাল ‘সানডে’ মন্তব্য। ২২ গজে ভারত-পাক দ্বৈরথ যতটা উত্তেজনার, মাঠের বাইরেও ততটাই চলে বাক্যুদ্ধ। ইরফানের পোস্ট সেই আবহকেই উস্কে দিল আরও।
শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই কার্যত দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং। শ্রী চারাণী এবং প্রেমা রাওয়াত বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন। দু’জনেই ৩টি করে উইকেট তুলে নিয়ে ১৮.১ ওভারেই শেষ করে দেন পাকিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে পাকিস্তানের ব্যাটারদের কোনও প্রতিরোধই শেষ পর্যন্ত কাজে আসেনি।
জবাবে রান তাড়া করতে নেমে ভারতও বেশি সময় নেয়নি। মাত্র ৮.৪ ওভারে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় হরমনপ্রীত কৌরের দল। অধিনায়ক হরমনপ্রীত ১৮ রানে এবং দীপ্তি শর্মা ১২ রানে অপরাজিত থাকেন। ম্যাচের পর ভারতীয় অধিনায়ক জানান, দলের লক্ষ্য ছিল শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা। পিচের চরিত্র বুঝে পরিকল্পনা অনুযায়ী বল করা এবং প্রতিটি সুযোগ কাজে লাগানোতেই সাফল্য এসেছে বলে জানান তিনি। পাকিস্তানের বিরুদ্ধে এমন দাপুটে জয় সেমিফাইনালের আগে ভারতের আত্মবিশ্বাস যে আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।
আর ইরফানের ‘সানডে’ পোস্ট? তার পিছনে রয়েছে পুরনো গল্প। গত বছর পুরুষদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচই পড়েছিল রবিবারে। পাকিস্তানকে হারানোর পর ইরফান তখন লিখেছিলেন, “রবিবার কেমন গেল, পড়শিরা?” যে মন্তব্য নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল সে সময়। এ বার মেয়েদের এশিয়া কাপে ভারত পাকিস্তানকে শনিবার হারালেও একই প্রসঙ্গ টেনে ফের বিদ্রূপ করলেন তিনি। এই জয়ের সুবাদে গ্রুপ পর্বে ৩ ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্টের সঙ্গে টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অন্য দিকে, সেমিফাইনালে উঠতে পাকিস্তানের সামনে এখন শেষ ম্যাচে হংকংকে হারানো কোনও উপায় নেই।