শহীদ তপনে একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বিশাল মঞ্চ প্রায় প্রস্তুত। ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু সকালের শহীদ তপনের ছবি যেন অন্য এক গল্প বলছে।
এক সময় এই দিন মানেই ছিল রাজ্যের প্রান্তে প্রান্তে রাজনৈতিক আবেগের বিস্ফোরণ। ভোরের আলো ফুটতেই জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে শুরু হয়ে যেত মানুষের ঢল। বাস, ট্রেন, লরি সব পথ যেন এসে মিশত একুশের মঞ্চে। স্লোগানে মুখরিত রাজপথ, পতাকার ঢেউ আর জনসমুদ্র এটাই ছিল একুশে জুলাইয়ের পরিচিত চিত্র।
কিন্তু এবার অন্তত সকালের দৃশ্য সেই পুরনো স্মৃতির সঙ্গে যেন মেলানো কঠিন। মঞ্চ তৈরি, প্রস্তুতি সম্পূর্ণ তবু কোথায় সেই উপচে পড়া ভিড়? কোথায় সেই স্বতঃস্ফূর্ত উন্মাদনা? এই দৃশ্য ঘিরেই রাজনৈতিক মহলে উঠছে একের পর এক প্রশ্ন।
তবে দিনের এখনও অনেকটা সময় বাকি। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতেও পারে। আবারও কি জনস্রোতে ভরে উঠবে শহীদ তপনের মঞ্চ চত্বর, নাকি সকালের এই ছবিই সময়ের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত? সেই উত্তর দেবে দিনের শেষ ছবি। আপাতত নজর সেদিকেই।