দিল্লি, নিউজ ডেস্ক: প্রতিবাদ কর্মসূচি শেষ হয়েছে, আটক হওয়ার পর মুক্তিও মিলেছে। কিন্তু, তারপরও একটি ঘটনা ঘিরে ক্রমশ বাড়ছে চর্চা। সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি এবং ভিডিও সামনে আসতেই উঠেছে একাধিক প্রশ্ন। শরীরে আঘাতের চিহ্ন তার সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা, সব মিলিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বলিউডের এক পরিচিত মুখ। ঠিক কি ঘটেছিল সেদিন?
বলিউডের সুপারস্টার আমির খানের ভাগ্নি তথা অভিনেত্রীর জৈন মেরি খানের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই চর্চা। ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলেন তিনি। সেই কর্মসূচির পর মুম্বাই পুলিশের হাতে সাময়িকভাবে আটক হতে হয় তাঁকে। মুক্তি পাওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেন জৈন মেরি। সেখানেই তাঁর হাত, আঙ্গুল ও পায়ে আঘাতের দাগ এবং কালসিটের চিহ্ন নজরে আসে। নিজের শরীরে থাকা ক্ষত চিহ্নগুলিকে ব্যঙ্গের সুরে 'ডেমোক্রেটিক ফিট চেক' বলে উল্লেখ করেন অভিনেত্রী। শুধুমাত্র ছবি প্রকাশ করেই থেমে থাকেননি তিনি। প্রশাসনের উদ্দেশ্যে তাঁর বার্তা, মানুষকে ভয় দেখানোর চেষ্টা এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়, যাতে শেষ পর্যন্ত মানুষের মন থেকে ভয় হারিয়ে যায়। তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। যদিও আঘাতগুলি ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে তৈরি হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এই প্রতিবাদ কর্মসূচিতে শুধুমাত্র জৈন মেরিই নন, উপস্থিত ছিলেন অভিনেতা ইমরান খান এবং অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সূত্রে খবর, তাদেরও আটক করেছিল পুলিশ। কয়েক ঘন্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়। ইমরান খানও আমির খানের ভাগ্নে হওয়ায় ঘটনাটি বিনোদন জগতে বিশেষ নজর কেড়েছে। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ এবং ভোটার অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। ভোটার তালিকা সংশোধন নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই এই কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি।
জৈন মেরির পোস্ট সামনে আসার পর থেকে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। তবে, গোটা ঘটনা নিরপেক্ষ মূল্যায়নের জন্য পুলিশের বক্তব্য এবং ঘটনার সম্পূর্ণ বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত অভিনেত্রীর প্রকাশ করা ছবি ও তাঁর কড়া মন্তব্য ঘিরে নতুন করে সরগরম সামাজিক মাধ্যম।