নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে পথে নামল INDIA ব্লক। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল শুরু করেন বিরোধী সাংসদরা। কিন্তু মিছিল এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এরপরই রাস্তায় বসে ধর্নায় শামিল হন বিরোধী নেতারা।
এই বিক্ষোভ থেকেই কংগ্রেস সাংসদ জোথিমণির কড়া বার্তা। তাঁর বক্তব্য, “আমরা লাঠির আঘাত সহ্য করব, গুলির সামনেও দাঁড়াব। কিন্তু নিশ্চিত করব, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে যেতে হবে।” তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমার নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রকে ধ্বংস করেছেন।
এদিনের মিছিলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ INDIA ব্লকের একাধিক নেতা উপস্থিত ছিলেন। পুলিশ মিছিল থামিয়ে দিলে কয়েকজন সাংসদ ব্যারিকেডের উপর উঠে স্লোগান দিতে থাকেন। পরে তাঁদের একটি অংশকে আটক করে পুলিশ।
বিক্ষোভকারীদের হাতে ছিল ‘Save Democracy’, ‘Save My Vote’ লেখা পোস্টার। স্লোগান ওঠে ‘Vote Chor, Gaddi Chhod’ এবং ‘Democracy Not for Sale’। রাহুল গান্ধীও জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে বলেন, “Gyanesh, it’s done bro. Time to resign.”
ভোটার তালিকা সংশোধন ও SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগকে কেন্দ্র করেই এই আন্দোলন। অন্যদিকে নির্বাচন কমিশন ও বিজেপি বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি ভোটার নথিভুক্তির প্রক্রিয়ায় Form 6 সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টও শুনানির কথা জানিয়েছে।
মঙ্গলবারের এই বিক্ষোভকে ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল। গত কয়েক দিনের আন্দোলন মিলিয়ে দিল্লি পুলিশ একাধিক FIR-ও করেছে।