নিট প্রশ্নফাঁস-কাণ্ড এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার যখন রণক্ষেত্র দিল্লি, তখন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করেন তিনি। বৈঠকে আন্দোলনকারীদের দাবিপত্র গ্রহণ করে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন নাড্ডা।
বৈঠকের পর এক্স হ্যান্ডেলে সৌরভ দাস জানান, প্রায় দু'ঘণ্টা অপেক্ষার পর তাঁদের সাক্ষাতের সুযোগ হয়। তাঁর পোস্টে লেখা হয়েছে, “২ ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জে পি নাড্ডা। ওঁরই বাড়িতে। তবে দশ মিনিটের জন্য। আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। উনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।”
অন্যদিকে, আশুতোষ রঙ্কা জানিয়েছেন, তাঁদের উত্থাপিত দাবিগুলি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য নাড্ডা কিছুটা সময় চেয়েছেন। সিজেপির মূল দাবিগুলির মধ্যে রয়েছে—সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ।
এদিকে, সংসদ অভিযান ঘিরে দিনের উত্তেজনার পর সংসদ ভবন চত্বর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত দৃশ্যে দেখা যায়, সংসদ চত্বরে আর কোনও বিক্ষোভকারী নেই। সেখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।