নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ‘চলো দিল্লি’ মহাসমাবেশ ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এবার বিরোধী জোটের এই কর্মসূচিকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করলেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুধু তাই নয়, তাঁর দাবি, এই সমাবেশই কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যতের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।
রবিবার একটি বিবৃতিতে বিরোধী জোটকে নিশানা করে নাড্ডা অভিযোগ করেন, প্রতিবাদের আড়ালে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে INDIA জোট। তাঁর দাবি, এই সমাবেশের পিছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা এবং রাজধানীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নাড্ডার বক্তব্য, দিল্লিতে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরানোর উদ্দেশ্যে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। তাঁর অভিযোগ, এই ধরনের কর্মসূচির ফলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হতে পারে।
উৎসবের মরশুমে দিল্লির ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, মহাসমাবেশের কারণে ছোট দোকানদার ও ব্যবসায়ীদের রোজগারে প্রভাব পড়তে পারে। নাড্ডা বলেন, ‘‘দিল্লিতে দাঙ্গা ও অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্র করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরানো, উৎসবের মরশুমে দোকানদার ও ব্যবসায়ীদের উপার্জনে নেতিবাচক প্রভাব ফেলা এবং দেশের বদনাম করাও এই সমাবেশের অন্যান্য উদ্দেশ্য।’’
উল্লেখ্য, রবিবার রামলীলা ময়দানের এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ INDIA জোটের একাধিক শীর্ষ নেতা।
ভোটাধিকার, ভোটার তালিকার সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতেই এই সমাবেশের আয়োজন করেছে বিরোধী জোট। বিরোধীদের অভিযোগ, ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই কর্মসূচির উদ্দেশ্য এবং রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছে।
সব মিলিয়ে রামলীলা ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে বিজেপি ও INDIA জোটের মধ্যে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একদিকে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবি, অন্যদিকে বিরোধীদের কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে আক্রমণ দুই শিবিরের বক্তব্যে স্পষ্ট রাজধানীর রাজনৈতিক উত্তাপ।




